বিশেষ প্রতিবেদক
বাংলাদেশ দণ্ডবিধির ১২৪-এ ধারা (রাষ্ট্রদ্রোহ) সংবিধানবিরোধী ও অকার্যকর ঘোষণা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দাখিল করা হয়েছে।
আজ ২০শে জানুয়ারি, মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিটটি দায়ের করেন।
রিট আবেদনে বলা হয়, দণ্ডবিধির এ ধারা নাগরিকদের মৌলিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর গুরুতর হস্তক্ষেপ করে। গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় সরকারের সমালোচনা কিংবা ভিন্নমত পোষণের অধিকার নাগরিকদের মৌলিক অধিকার, যা কখনোই রাষ্ট্রদ্রোহ হিসেবে বিবেচিত হওয়া উচিত নয়।
আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রদ্রোহ আইনটি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলের একটি বিধান, যা তৎকালীন স্বাধীনতা আন্দোলন দমন করার উদ্দেশ্যে প্রণীত হয়েছিল। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের বর্তমান সংবিধানের সঙ্গে এই ধারা অসামঞ্জস্যপূর্ণ।
পাশাপাশি এটি সংবিধানের ৭, ২৬, ২৭, ৩১, ৩২ ও ৩৯ অনুচ্ছেদে প্রদত্ত মৌলিক অধিকারগুলোর সঙ্গে সরাসরি সাংঘর্ষিক বলেও দাবি করা হয়েছে।
রিটকারী আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান দণ্ডবিধির ১২৪-এ ধারাকে কেন সংবিধানবিরোধী ঘোষণা করে বাতিল করা হবে না— তা জানতে চেয়ে হাইকোর্টে রুল জারির আবেদন জানিয়েছেন।
