অযোগ্য উপ-প্রধানমন্ত্রীকে বরখাস্ত করে কিম: “ছাগল দিয়ে গরুর গাড়ি টানা যায় না”

অযোগ্য উপ-প্রধানমন্ত্রীকে বরখাস্ত করে কিম: “ছাগল দিয়ে গরুর গাড়ি টানা যায় না”
শেয়ার করুন

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের কাছে নিজ প্রশাসনের অযোগ্য কর্মকর্তাদের অপসারণ নতুন কোনো ঘটনা নয়। এবার দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে উপ-প্রধানমন্ত্রী ইয়াং সুং হোকে ‘অযোগ্য’ আখ্যা দিয়ে প্রকাশ্যেই বরখাস্ত করেছেন তিনি।

এ সময় কিম মন্তব্য করেন, “ছাগল দিয়ে গরুর গাড়ি টানা যায় না”।

আজ ২০শে জানুয়ারি, মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এ তথ্য প্রকাশ করে।

কেসিএনএর প্রতিবেদনে বলা হয়, রিয়ংসং মেশিন কমপ্লেক্স নামে একটি গুরুত্বপূর্ণ শিল্পকারখানার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে কিম জং উন অনুষ্ঠানস্থলেই উপ-প্রধানমন্ত্রী ইয়াং সুং হোকে পদচ্যুত করেন।

কিমের ভাষ্য অনুযায়ী, এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য ইয়াং উপযুক্ত নন।

বক্তব্যে কিম ‘দায়িত্বজ্ঞানহীন, রূঢ় ও অদক্ষ শীর্ষ কর্মকর্তাদের’ তীব্র সমালোচনা করেন।

তিনি বলেন, “বন্ধুবর উপ-প্রধানমন্ত্রী, দেরি হওয়ার আগেই আপনার নিজ দায়িত্ব থেকে সরে দাঁড়ানো উচিত। গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব পালনের যোগ্যতা আপনার নেই।”

আরও বলেন, বিষয়টি খুবই স্পষ্ট—ছাগল দিয়ে গরুর গাড়ি চালানো সম্ভব নয়। এটি সরকারি কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়ায় একটি বড় ভুলেরই উদাহরণ।

কিম জং উন প্রায়ই প্রশাসনের ‘অলস ও ব্যর্থ’ কর্মকর্তাদের প্রকাশ্যে ভর্ৎসনা করে থাকেন। বিশেষ করে তার প্রণীত অর্থনৈতিক নীতিমালা বাস্তবায়নে ব্যর্থ হলে কর্মকর্তাদের ওপর তার ক্ষোভ নেমে আসে। যদিও জনসম্মুখে এভাবে কড়া সমালোচনা তুলনামূলকভাবে বিরল।

কিম আরও জানান, কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের ক্ষেত্রে মন্ত্রী ইয়াংয়ের ওপর তার আস্থা নেই।

পিয়ংইয়ং থেকে প্রকাশিত ছবিতে দৃঢ় কণ্ঠে বক্তব্য দিতে দেখা যায় কিম জং উনকে। সে সময় কারখানার কর্মীরা সবুজ ইউনিফর্ম ও ধূসর টুপি পরে অনুষ্ঠানে অংশ নেন। দক্ষিণ হামজিয়ং প্রদেশের ওই কারখানাটি সরেজমিনে পরিদর্শন করেন তিনি।

Visited 4 times, 1 visit(s) today