স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ২১ জন নিহত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ২১ জন নিহত
শেয়ার করুন

স্পেনের দক্ষিণাঞ্চলে উচ্চগতির দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষ ও লাইনচ্যুতির ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

রোববার সন্ধ্যায় কর্ডোবা শহরের কাছের আদামুজ (Adamuz) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রেল নেটওয়ার্ক অপারেটর আদিফ (Adif) জানায়, মালাগা থেকে মাদ্রিদগামী একটি উচ্চগতির ট্রেন আদামুজের কাছে লাইনচ্যুত হয়ে পাশের রেললাইনে পড়ে যায়। ওই সময় বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ থেকে হুয়েলভাগামী আরেকটি ট্রেনও লাইনচ্যুত হয়।

আন্দালুসিয়ার জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, অন্তত ২৫ জন গুরুতর আহত হয়েছেন। এছাড়া আরও অনেকে সামান্য আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।

আদিফের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে (গ্রিনিচ মান সময় ৫টা ৪০ মিনিট) মালাগা থেকে ট্রেনটি ছাড়ার প্রায় ১০ মিনিট পর দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যে সব ধরনের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

বেসরকারি রেল সংস্থা ইরিও (Iryo), যারা মালাগা-মাদ্রিদ রুটের ট্রেনটি পরিচালনা করছিল, দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, ওই ট্রেনে প্রায় ৩০০ যাত্রী ছিলেন।

স্পেনের রাজা ফেলিপে ষষ্ঠ ও রানি লেতিসিয়া দুর্ঘটনার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। রাজপ্রাসাদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে বলা হয়, “নিহতদের স্বজনদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

রাষ্ট্রীয় টেলিভিশন আরটিভিই-এর সাংবাদিক সালভাদোর হিমেনেজ, যিনি দুর্ঘটনাকবলিত একটি ট্রেনে ছিলেন, জানান যে কিছু যাত্রী গুরুতর আঘাত ছাড়াই বেরিয়ে আসতে পেরেছেন। তিনি বলেন, “আমি প্রথম বগিতে ছিলাম। হঠাৎ মনে হলো যেন ভূমিকম্প হচ্ছে। ট্রেনটি লাইনচ্যুত হয়। সঙ্গে সঙ্গে চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত কেউ আছেন কি না, তা খোঁজা হয়। জানালা ভাঙতে হাতুড়ি ব্যবহার করা হয় এবং পরে আমাদের সরিয়ে নেওয়া হয়।”

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকার জরুরি পরিষেবার সঙ্গে সমন্বয় করে কাজ করছে। আন্দালুসিয়ার আঞ্চলিক প্রেসিডেন্ট হুয়ানমা মোরেনোও নিহত ও আহতদের পরিবারগুলোর প্রতি সমবেদনা ও সমর্থন জানিয়েছেন।

Visited 2 times, 1 visit(s) today