শেষ মুহূর্তে বিমানে নতুন নিয়োগ: ড. ইউনূসের বিশ্বস্তরাই গুরুত্বপূর্ণ পদে আসীন

শেষ মুহূর্তে বিমানে নতুন নিয়োগ: ড. ইউনূসের বিশ্বস্তরাই গুরুত্বপূর্ণ পদে আসীন
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের মাত্র এক মাসেরও কম সময় বাকি থাকতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠ ব্যক্তিদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিমান) পরিচালনা পর্ষদে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের ঘোষণা দেওয়া হয়।নতুন নিয়োগপ্রাপ্ত পরিচালকরা হলেন—

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ফয়েজ আহমদ তৈয়্যব, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

এর আগে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। এই নতুন নিয়োগের ফলে বিমানের পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে।

বিশ্লেষকদের মতে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা হিসেবে আন্তর্জাতিক ক্রয়, বিমান কেনা-বেচা, লিজিং এবং বড় অংকের চুক্তির সঙ্গে জড়িত। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হলেও এই নিয়োগের মাধ্যমে ড. ইউনূসের প্রভাব এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদি করার উদ্দেশ্যেই এই সকল নিয়োগ হচ্ছে বলে মনে করা হচ্ছে।

এই নিয়োগকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। কেউ কেউ এটিকে নির্বাচনের আগে কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন, যাতে সরকার পরিবর্তনের পরও নির্দিষ্ট প্রতিষ্ঠানগুলোতে প্রভাব বজায় রাখা যায়। তবে সরকারি সূত্র থেকে এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বিমানের ব্যবস্থাপনায় ইতিপূর্বেও বেশ কয়েকটি পরিবর্তন এসেছে, যার মধ্যে চেয়ারম্যান পদে শেখ বশিরউদ্দীনের নিয়োগ অন্যতম। নির্বাচনের আগমুহূর্তে এ ধরনের নিয়োগ রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Visited 11 times, 1 visit(s) today