নিজস্ব সংবাদদাতা
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একদিন আগে নিখোঁজ হওয়া মোহাম্মদ শাহেদ ইসলাম এক স্কুল ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে বাঙ্গি খেত থেকে।
গতকাল ৬ই জানুয়ারি, মঙ্গলবার সকালে উপজেলার পারুয়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড হাজারীহাটের পূর্ব পাশে হাজারী বিলের বাঙ্গি খেত থেকে গলাকাটা নিথর দেহটি উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, নিহত মোহাম্মদ শাহেদ ইসলাম (১৭) একই ইউনিয়নের পূর্ব সাহাব্দী নগর মহৎ পাড়া গ্রামের দুবাই প্রবাসী মোহাম্মদ আব্দুল মোনাফের ছেলে এবং পারুয়া সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, গত ৫ই জানুয়ারি, সোমবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে শাহেদ বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়। আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবসহ সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তার কোনো মেলেনি। সে থেকেই পরিবারটি চরম উদ্বেগে ছিল। রাতেই রাঙ্গুনিয়া মডেল থানায় একটি জিডি করা হয়। এরইমধ্যে ৬ই জানুয়ারি সকালে স্থানীয়রা বাড়ির পাশের বাঙ্গি খেতে তার গলাকাটা লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা স্থানীয়দের। তবে কেন এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন বলেন, ‘আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি। ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এদিকে মরদেহ পাওয়ার পর এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকা, কান্নায় ভেঙে পড়েন তারা। এই নৃশংস ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।
নিহতের পরিবার দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
