আইপিএল থেকে তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় তোলপাড় চলছে দেশের ক্রীড়াঙ্গনে। এই ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল ভারতের কড়া সমালোচনা করে বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের দাবি জানালেও, বিসিবির কণ্ঠে শোনা যাচ্ছে ভিন্ন সুর। বোর্ড বলছে, এই মুহূর্তে বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের কোনো ‘অপশন’ তাদের হাতে নেই।
আসিফ নজরুলের কড়া অবস্থান শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ভূমিকার তীব্র নিন্দা জানান। উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর চাপে মোস্তাফিজুর রহমানকে কেকেআর থেকে বাদ দেওয়াকে ‘বাংলাদেশের অবমাননা’ হিসেবে অভিহিত করেন তিনি।
উপদেষ্টা স্পষ্ট জানান, যেখানে একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও নিরাপত্তা পান না, সেখানে পুরো দলের ভারত সফর নিরাপদ হতে পারে না। এই যুক্তিতে তিনি বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য আইসিসিকে চিঠি দিতে বিসিবিকে নির্দেশ দিয়েছেন। এমনকি বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের জন্য তথ্য মন্ত্রণালয়কে অনুরোধ করার কথাও জানান তিনি।
বিসিবির ‘নরম’ ও বাস্তববাদী অবস্থান উপদেষ্টার এমন হুঙ্কারের বিপরীতে বিসিবি কিছুটা নমনীয় অবস্থান নিয়েছে। শনিবার রাতে জরুরি সভা শেষে বিসিবির এক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি স্টারকে জানান, তারা বিষয়টি নিয়ে মর্মাহত ও অপদস্থ বোধ করলেও ভেন্যু পরিবর্তনের বিষয়টি বর্তমানে অসম্ভব মনে করছেন।
ঐ পরিচালক বলেন, ‘মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে, আমরা প্রথমত আইসিসি এবং আইপিএল গভর্নিং বডিকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানাব এবং তাদের কাছে ব্যাখ্যা জানতে চাইব। বিশেষ করে সিকিউরিটি ইস্যু নিয়ে জনমনে যে অসন্তোষ তৈরি হয়েছে এবং যেভাবে বিসিবি ইনসাল্টেড (অপদস্থ) বোধ করছে, তা জানানো হবে।’
তবে ভেন্যু সরিয়ে নেওয়ার দাবি প্রসঙ্গে তিনি বাস্তবতার কথা মনে করিয়ে দিয়ে বলেন, ‘ভেন্যু পরিবর্তনের মতো অপশন বর্তমানে আমাদের হাতে নেই। তবে আমরা আগে আইসিসির কাছ থেকে ক্লিয়ারেন্স চাইব।’
নিরাপত্তা নিয়ে উদ্বেগ এনওসি দেওয়ার পরও মোস্তাফিজুর রহমান খেলতে না পারায় বিসিবি ক্ষুব্ধ হলেও তারা প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার ওপরই জোর দিচ্ছে। বিসিবি পরিচালকের মতে, ‘যেহেতু মোস্তাফিজের ইস্যুতে তারা একজন খেলোয়াড়কে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, সেখানে আমাদের সাংবাদিক এবং বিপুল সংখ্যক দর্শক যাবেন। তাই এই নিরাপত্তা ঝুঁকির বিষয়টি আইসিসিকে গুরুত্বের সঙ্গে জানানো হবে।’
অপেক্ষার পালা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাৎক্ষণিক কোনো মন্তব্য না করলেও বোর্ড থেকে জানানো হয়েছে, আইসিসি ও আইপিএল গভর্নিং বডিকে মেইল পাঠানো হচ্ছে এবং তারা উত্তরের অপেক্ষায় থাকবেন।
সরকারের শীর্ষ পর্যায়ের কঠোর মনোভাব এবং ক্রিকেট বোর্ডের ‘টেকনিক্যাল’ অবস্থানের এই টানাপড়েন মোস্তাফিজ ইস্যুকে নতুন এক রাজনৈতিক ও কূটনৈতিক মোড় দিয়েছে।
মজার কথা হলো হুঙ্কার জানানো আসিফ নজরুল বিশ্বকাপের পুরো টাইমে একই পদে থাকবেন না। কারণ ১২ ফেব্রুয়ারি নির্বাচন হয়ে গেলে তাকে বিদায় নিতে হবে সরকার থেকে।
