এবার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপির ঝুমা আর মানিক

এবার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপির ঝুমা আর মানিক
শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক

একে একে দল এবং পদ ছাড়ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। এরই ধারাবাহিকতায় এবার দলের কেন্দ্রীয় কমিটির দক্ষিণাঞ্চলের সংগঠক অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমাও নাম লেখালেন সেই তালিকায়। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে এসে তিনি ঘোষণা দেন নির্বাচন না করার।

গতকাল ২৮শে ডিসেম্বর, রোববার দিবাগত রাত ২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্টে ঝুমা এ তথ্য জানান।

ফেসবুক পোস্টে ঝুমা জানান- এনসিপি প্রাথমিকভাবে যেই ১২৫ আসনে মনোনয়ন দিয়েছিল তার মধ্যে খাগড়াছড়ি ২৯৮নং আসনে শাপলা কলি মার্কায় নির্বাচন করতে তাকে মনোনীত করা হয়। ২৪ তারিখ তার পক্ষে দলের খাগড়াছড়ি জেলার আহবায়ক মনোনয়ন উত্তোলন করেন। সোমবার জমা দেয়ার শেষ তারিখ।

তিনি আরও বলেন, আজ ২ ঘন্টা আগেই দলের আহবায়ক জনাব নাহিদ ইসলামকে আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। আমি নির্বাচনে অংশগ্রহণ করছি না।

খাগড়াছড়ি থেকে এনসিপির শাপলা কলি প্রতীকে ঝুমার নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল। জামায়াতে ইসলামীসহ আট দলের সঙ্গে হওয়া আসন সমঝোতায় তার নাম থাকার কথা শোনা যাচ্ছিল। নানা নাটকীয়তার পর জামায়াতসহ ৮ দলের সঙ্গে এনসিপির জোট ও আসন সমঝোতা চূড়ান্ত হয়। এতে এনসিপি ৩০-৩৫টি আসনে নির্বাচনের সুযোগ পাচ্ছে বলে জানা গেছে। যার মধ্যে ঢাকায় অন্তত ৫টি আসন রয়েছে।

এদিকে জামায়াতের সঙ্গে জোটে যাওয়ার ঘোষণার আগে ও পরে এনসিপির একাধিক নেত্রী দল থেকে সরে দাঁড়িয়েছেন বা নিষ্ক্রিয় থাকার ঘোষণা দেন। এর মধ্যে যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা পদত্যাগ করেন। নওগাঁ থেকে যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেন। নির্বাচনের সময়ে দলের সব কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার কথা জানান যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম।

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেতা মানিক

জুলাই সন্ত্রাসের সময় চট্টগ্রামের সম্মুখ সারিতে সন্ত্রাসবাদে নেতৃত্ব দিয়ে আলোচিত এনসিপির প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় সদস্য জুবাইরুল আলম মানিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসন থেকে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন।

আজ ২৯শে ডিসেম্বর, সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ফেসবুক প্রোফাইল থেকে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

ফেসবুক পোস্টে তিনি বলেন, শুরু থেকেই বিভিন্ন লক্ষ্য-উদ্দেশ্য থাকলেও দলটি পূর্ব পরিকল্পিত জামায়াতে ইসলামী কিংবা আট দলীয় জোটের সঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এ প্রেক্ষাপটে নিজের প্রত্যাশিত রাজনৈতিক লক্ষ্য বাস্তবায়ন সম্ভব না হওয়ায় তিনি নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

Visited 16 times, 1 visit(s) today