আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় হতে যাওয়া বিশ্বকাপ নিয়ে ফুটবলপ্রেমীদের তুমুল আগ্রহের কথা জানিয়ে ফিফা সভাপতি বলেন, গত ১০০ বছরে ফিফা যত টিকিট বিক্রি করেছে, দুই সপ্তাহেই তার চেয়ে কয়েকগুণ বেশি আবেদন জমা পড়েছে।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী বছর হতে যাওয়া বিশ্বকাপের টিকিটের আকাশচুম্বী দাম নিয়ে সমালোচনার জবাবে সাফাই গেয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। টিকিটের ব্যাপক চাহিদা এবং বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নে এই রাজস্বের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন তিনি।
চলতি মাসের শুরুতে ফুটবল সমর্থকদের বিভিন্ন সংগঠন টিকিটের চড়া মূল্য নিয়ে ক্ষোভ প্রকাশ করে। কাতার বিশ্বকাপের তুলনায় এবার টিকিটের দাম কয়েকগুণ বেশি হওয়ায় সমালোচনার মুখে পড়ে ফিফা। পরে ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি ৬০ ডলারের একটি বিশেষ ক্যাটাগরি চালু করে, যাতে অংশগ্রহণকারী দেশগুলোর সমর্থকরা কিছুটা সাশ্রয়ী মূল্যে মাঠে বসে খেলা দেখার সুযোগ পায়।
সোমবার দুবাইতে ‘ওয়ার্ল্ড স্পোর্টস সামিট’-এ ইনফান্তিনো বলেন, “আমাদের হাতে বিক্রির জন্য ৬০ থেকে ৭০ লাখ টিকিট আছে। অথচ মাত্র ১৫ দিনেই আমরা ১৫ কোটি টিকিটের আবেদন পেয়েছি। অর্থাৎ প্রতিদিন গড়ে ১ কোটি মানুষ আবেদন করেছেন। এটিই প্রমাণ করে বিশ্বকাপের শক্তি কতটা।”
টিকিট নিয়ে এই কাড়াকাড়িকে ‘পাগলাটে’ অভিহিত করে তিনি আরও বলেন, “বিশ্বকাপের প্রায় ১০০ বছরের ইতিহাসে ফিফা মোট ৪ কোটি ৪০ লাখ টিকিট বিক্রি করেছে। আর এবার মাত্র দুই সপ্তাহেই যে আবেদন জমা পড়েছে, তা দিয়ে ৩০০ বছরের বিশ্বকাপের গ্যালারি পূর্ণ করা সম্ভব। একবার কল্পনা করে দেখুন!”
ফিফা সভাপতি জানান, টিকিটের জন্য সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র থেকে। তালিকার পরের দুটি নাম জার্মানি ও যুক্তরাজ্য।
টিকিট থেকে প্রাপ্ত অর্থের গন্তব্য নিয়ে ইনফান্তিনো বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই রাজস্ব পুনরায় বিশ্বের ফুটবল খাতেই ফিরিয়ে দেওয়া হচ্ছে। ফিফা না থাকলে বিশ্বের অন্তত ১৫০টি দেশে ফুটবল চলত না। বিশ্বকাপ থেকে অর্জিত রাজস্ব বিশ্বজুড়ে বিনিয়োগ করা হয় বলেই ফুটবল আজ এই অবস্থানে।”
পরের ‘ফিফা বেস্ট’ দুবাইতে আগামী বছর ফিফার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ আয়োজিত হবে দুবাইতে। সমর্থক, সংবাদমাধ্যম প্রতিনিধি এবং জাতীয় দলের অধিনায়ক ও কোচদের ভোটে নির্বাচিত সেরা ফুটবলার, কোচ ও দলগুলোকে এই মঞ্চে পুরস্কৃত করা হয়।
ইনফান্তিনো বলেন, “সেরা খেলোয়াড় ও কোচদের সম্মানিত করতে আমরা দুবাইয়ের সঙ্গে নতুন অংশীদারিত্বের চুক্তি করেছি।”
২০২৫ সালের এই আয়োজনে পুরুষ বিভাগে বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন ফ্রান্সের ফরোয়ার্ড উসমান ডেম্বেলে। আর টানা দ্বিতীয়বারের মতো নারী বিভাগে সেরা খেলোয়াড়ের মুকুট জিতেছেন স্পেনের আইতানা বোনমাতি।
