জেলা প্রতিনিধি
গত বছরের ৫ই আগস্ট চট্টগ্রামের হালিশহর থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে লক্ষ্মীপুরে এক যুবকের বাড়ির মাটির নিচ থেকে। মাটি খুঁড়ে সেই অস্ত্র উদ্ধার করেছে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
১৯শে ডিসেম্বর, শুক্রবার রাতে লক্ষ্মীপুর জেলা সদরে এক বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে।
এর আগে, গোপন তথ্যের ভিত্তিতে নগর পুলিশের ডিবি-পশ্চিম ইউনিটের একটি টিম ঢাকার শেরেবাংলানগর থানা এলাকা থেকে সুমন হোসেন (২৮) নামে এক জুলাইযোদ্ধাকে গ্রেপ্তার করে। পরে জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ির মাটির নিচ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন স্বীকার করেছেন, গত বছরের ৫ই আগস্ট চট্টগ্রাম নগরীর হালিশহর থানা থেকে অস্ত্রটি লুট করা হয়েছিল।
জানা গেছে, আটক সুমন হোসেন সক্রিয় জুলাইযোদ্ধা হিসেবে গত বছরের জুলাই-আগস্টের বিক্ষোভে সহিংসতায় যুক্ত ছিলেন।
অস্ত্র উদ্ধারের ঘটনায় আসামির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চট্টগ্রাম নগরীর আটটি থানা ও আটটি ফাঁড়ি থেকে ৯৪৫টি অস্ত্র লুট হয়েছিল। উদ্ধার না হওয়া এসব অস্ত্র বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে।
