নিজস্ব প্রতিবেদক
বন্দর ইজারা নীতি বাতিলের দাবিতে যমুনামুখী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে পুলিশের লাঠিপেটা ও হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাসদ।
বৃহস্পতিবার সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর আহমেদের পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন, শান্তিপূর্ণ আন্দোলন গণতান্ত্রিক অধিকারের অংশ; সেখানে দমন-পীড়ন চালানো রাষ্ট্রের দায়িত্বের পরিপন্থী। তাদের ভাষায়, রাষ্ট্র কাউকে দমন করার যন্ত্রে পরিণত হওয়া কাম্য নয়।
এই হামলায় গুরুতর আহত হয়েছেন সিপিবির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফি রতন, কেন্দ্রীয় নেতা রুহুল আমিন, বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল) কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, বাসদ মার্ক্সবাদী নেত্রী সীমা দত্তসহ আরও বহু নেতাকর্মী ও আন্দোলনকারী।
জাসদ বলছে, জনগণের ন্যায্য আন্দোলনে পুলিশের দমন-পীড়ন গণতান্ত্রিক অধিকার হরণের উজ্জ্বল উদাহরণ এবং রাষ্ট্রক্ষমতার অপব্যবহার।
দলটি মনে করে—বন্দরের মতো কৌশলগত ও লাভজনক সম্পদ বিদেশি স্বার্থে ইজারা দেওয়ার বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিরোধ আন্দোলনে হামলা করে সরকার মতপ্রকাশের অধিকার সীমিত করতে চাইছে।
বাংলাদেশ জাসদ অবিলম্বে হামলা বন্ধ করা, দায়ী পুলিশ সদস্যদের শাস্তির আওতায় আনা এবং আহত নেতাকর্মীদের দ্রুত সুস্থতা কামনা করেছে। সংগঠনটি আন্দোলনে জড়িত দলগুলোর প্রতি ঐক্য ও সাহস ধরে রাখার আহ্বানও জানিয়েছে।
