নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের স্বাধীনতার সূতিকাগার খ্যাত ধানমন্ডির ৩২ নম্বর সড়কে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়িটির ওপর তৃতীয় দফা ভাঙচুর চালাতে আসা স্বাধীনতাবিরোধী অপশক্তির দোসরদের ওপর লাঠিচার্জ করে এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ ও সেনাসদস্যরা।
সাউন্ড গ্রেনেডে এক সেনাসদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। তার পা থেকে রক্ত ঝরতে দেখা যায়।
কথিত ‘মানবতাবিরোধী অপরাধের’ অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার দিনে সোমবার দুপুর ১২টার দিকে যুদ্ধাপরাধী দল জামায়াতে ইসলামীর গুপ্ত সন্ত্রাসী সংগঠন শিবির, এনসিপি, জুলাই দাঙ্গার সমর্থকরা দুটি বুলডোজার নিয়ে ধানমন্ডি ৩২-এ ঢোকার চেষ্টা করলে সেখানে তাদের থামায় পুলিশ।
এসময় ট্রাকের ওপর উঠে স্বাধীনতাবিরোধী অপশক্তির সমর্থকরা মেগাফোনে স্লোগান দিতে শুরু করে। তারা নিজেদের পরিচয় দেয় ‘রেড জুলাই’ সংগঠনের সদস্য বলে। তাদের উদ্যোগে বুলডোজার আনা হয়েছে বলে জানায় এই উগ্রবাদীরা।
তাদেরকে সেখান থেকে সরিয়ে দিতে সেনাসদস্যরাও যোগ দেয় পুলিশের সঙ্গে। তখন উভয়পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া চলে। পুলিশ এসময় লাঠিচার্জ করে এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থলে একটি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড পড়ে থাকতে দেখে সেটি নিয়ে উগ্রবাদীরা আইন শৃঙ্খলাবাহিনীর দিকে ছুড়ে মারলে তার বিস্ফোরণে এক সেনাসদস্য আহত হন। তার পা থেকে রক্ত ঝরে।
পরে ৩২ নম্বর সড়কের দুই প্রান্তে পুলিশ ও সেনাসদস্যরা অবস্থান নিয়ে উগ্রবাদীদের বাধা দেয়।
দেশের স্বাধীনতার ইতিহাসের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক বাড়িটি পুরোপুরি গুঁড়িয়ে দিতে ট্রাকে করে বয়ে আনা দুটি বুলডোজারের একটি নামানো যায়নি, অপরটি ফেলে পালিয়ে যায় চালক।
পুলিশের ধাওয়ায় স্বাধীনতাবিরোধী অপশক্তির দোসর উগ্রবাদীরা ছত্রভঙ্গ হয়ে সেখান থেকে সরে গিয়ে ৩২ নম্বর সড়কের প্রবেশ মুখে মিরপুর সড়ক অবরোধ করে স্লোগান দেয়। দুপুর ২টার দিকে ফের বিশৃঙ্খলা দেখা দিলে পুলিশ পরপর কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে উগ্রবাদীদের সরিয়ে দেয়।
পুলিশের রমনা বিভাগের উপ- কমিশনার মাসুদ আলম ঘটনাস্থলে বলেন, “ওরা ভবনটি ভাঙতে এসেছিল। আমরা তাদের বুঝিয়ে নিবৃত্ত করার চেষ্টা করেছি।”
গত বছরের ৫ই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়ি এবং জাদুঘরটিতে হামলা চালিয়ে লুটপাট ও আগুন ধরিয়ে দেয় জুলাই-আগস্টের আন্দোলনকারী দাঙ্গাবাজরা। সে ঘটনার পর আবার ৫ই ফেব্রুয়ারি বুলডোজার নিয়ে ৩২ নম্বরের বাড়িটি ভেঙে প্রায় পুরোটাই গুঁড়িয়ে দেয় স্বাধীনতাবিরোধী সেই অপশক্তির দোসররা।


