ডিএসইর বাজার মূলধন কমেছে সাড়ে ৮ হাজার কোটি টাকা

ডিএসইর বাজার মূলধন কমেছে সাড়ে ৮ হাজার কোটি টাকা
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

গত সপ্তাহে (২-৬ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার ও ইউনিটের দরপতন প্রাধান্য পেয়েছে। লেনদেনে দরবৃদ্ধির তুলনায় সাড়ে ৮ গুণ বেশি সংখ্যক শেয়ারের দর কমেছে, ফলে সবগুলো মূলসূচক বড় পতনের মুখে পড়েছে।

সপ্তাহের ব্যবধানে সূচকগুলো ২ শতাংশ থেকে ৪ শতাংশ পর্যন্ত নেমেছে এবং অধিকাংশ শেয়ারের দরপতনের কারণে ডিএসইর বাজার মূলধন কমেছে ৮ হাজার ৬৩১ কোটি টাকার বেশি।

বিশ্লেষণে দেখা গেছে, সদ্য সমাপ্ত সপ্তাহে ডিএসইতে ৩৮৯টি কোম্পানি ও করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৪০টির দর বেড়েছে, ৩৪০টির দরপতন হয়েছে এবং ৯টির দর অপরিবর্তিত রয়ে গেছে। প্রধান সূচক ডিএসইএক্স ১৫৪ পয়েন্ট বা ৩ শতাংশ কমে ৪,৯৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ সূচক ৪৭ পয়েন্ট বা ২.৩৭ শতাংশ কমে ১,৯৪১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪৩ পয়েন্ট বা ৪ শতাংশ কমে ১,৩৯ পয়েন্টে নেমেছে।

সপ্তাহজুড়ে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে; পাঁচ কার্যদিবসে লেনদেন হয়েছে ২,৪২২ কোটি ২৪ লাখ টাকা, যা আগের সপ্তাহের ২,২৮৬ কোটি ৮৬ লাখ টাকার তুলনায় কিছুটা বেশি।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ২.২৯ এবং ২.৪০ শতাংশ কমে যথাক্রমে ১৩,৯৫৯ এবং ৮,৬১৬ পয়েন্টে নেমেছে। সিএসই-৫০ ও সিএসই-৩০ সূচকও যথাক্রমে ১.৭৮ এবং ১.৮৮ শতাংশ কমে নেমেছে।

সপ্তাহজুড়ে ৩০০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে, যার মধ্যে ৬৭টির দর বেড়েছে, ২১২টির কমেছে এবং ২১টির অপরিবর্তিত রয়েছে। লেনদেনের মোট পরিমাণ হয়েছে ৯৭ কোটি ২০ লাখ টাকা।

Visited 10 times, 1 visit(s) today