দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
শেয়ার করুন

দীপ্তি শর্মার বলে নাদিন ডি ক্লার্কের ক্যাচটা কাভারে হাতে জমালেন ভারত অধিনায়ক হারমানপ্রীত কাউর। দুহাতে প্রসারিত করে ডানা মেলে যেন উড়লেন তিনি। বাঁধভাঙ্গা আনন্দে ভাসল গোটা ভারত, মুম্বাইর ভরপুর ডিওয়াই পাতিল স্টেডিয়াম তখন উত্তাল। বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেল ভারতের মেয়েরা।

রোববার নারী বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়েছে ভারত। আগে ব্যাট করে শেফালি বর্মার ৭৮ বলে ৮৭, দীপ্তি শর্মার ৫৮ বলে ৫৮ রানে ২৯৮ রান করে ভারত। রান তাড়ায় ২৪৬ রানে আটকে যায় প্রোটিয়ারা। ৩৯ রানে ৫ উইকেট নিয়ে বল হাতেও দারুণ ভূমিকা রাখেন দীপ্তি।

ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ছেলেদের বিশ্বকাপে ভারত চারবার চ্যাম্পিয়ন হলেও নারীদের ক্রিকেটে এমন অর্জন প্রথম। সেদিক থেকে ইতিহাস গড়ল হারমানপ্রীতের দল। দক্ষিণ আফ্রিকা জিতলেও ইতিহাস গড়ত তারা।

এদিন রাতে ভারতের জয়ের পথে বাঁধা ছিলেন প্রোটিয়া অধিনায়ক লরা উলভার্ট। ৯৮ বলে ১০১ রান করে আউট হন তিনি। দীপ্তির বলে তিনবারের চেষ্টায় তার ক্যাচ দেন আমনজোত।

Visited 10 times, 1 visit(s) today