বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)’র আসন্ন আসরে অংশ নিচ্ছে না বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। আমিনুল ইসলাম বুলবুলের অধীনে কোন ক্রিকেটীয় কার্যক্রমে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে তারা বিপিএল থেকে সরে গেছে। এদিকে কিছু অল্প পরিচিত, কিছু অপরিচিত ও আগের দুই বড় প্রতিষ্ঠান টুর্নামেন্টটি খেলার আগ্রহ জানিয়ে এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) জমা দিয়েছে।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। বিসিবি সম্ভাব্য ১০টি ফ্র্যাঞ্চাইজি অঞ্চল নির্ধারণ করেছে—বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, নোয়াখালী, রাজশাহী, রংপুর ও সিলেট। তবে এরমধ্যে ৫টি দলকে বেছে বিপিএল করতে চায় তারা।
আগ্রহ প্রকাশ করা ১০টি ফ্র্যাঞ্চাইজির মধ্যে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, খুলনা টাইগার্স ও চিটাগং কিংসই কেবল গত আসরের অংশগ্রহণকারী দল। রংপুর রাইডার্স আগের মতোই বসুন্ধরা গ্রুপের অধীনে থাকবে। অন্যদিকে, ঢাকা ক্যাপিটালসের ফ্র্যাঞ্চাইজি অধিকার পেতে আবেদন করেছে ওয়ালটন ও রিমার্ক হার্লান। রাজশাহী কিংসের মালিকানার জন্য আবেদন করেছে দেশ ট্রাভেলস।
এদিকে গত বিপিএলে ক্রিকেটারদের টাকা না দেওয়া চিটাগাং কিংসও খেলতে চায় বিপিএল। তাদের সঙ্গে এসকিউ এবং ক্রিকেট উইথ সামি নামের অখ্যাত এক প্রতিষ্ঠানও আগ্রহ দেখিয়ে আবেদন করেছে। বসুন্ধরা ছাড়া বাকিদের অর্থনৈতিক ভিত্তি নিয়ে আছে ঘোরতর সংশয়।
