নারায়ণগঞ্জে ডাইং কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

নারায়ণগঞ্জে ডাইং কারখানায় ভয়াবহ বিস্ফোরণ
শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা

নারায়ণগঞ্জের বিসিক শিল্পনগরীতে অবস্থিত এস এম ডাইং প্রিন্টিং এন্ড ফিনিশিং কারখানায় ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনায় ৬ শ্রমিক দগ্ধ হয়েছেন।

আজ ২৬শে অক্টোবর, রোববার সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের দ্রুত উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়েছে বলে জানায় কারখানা কর্তৃপক্ষ।

দগ্ধরা হলেন- কারখানাটির শ্রমিক আলআমিন (৩০), আজিজুল্লা (৩২), সেলিম (৩৫), জালাল মোল্লা (৪০), নাজমুল হুদা (৩৫) এবং সিকিউরিটি গার্ড সুপারভাইজার নুর মোহাম্মদ (৩৫)।

কারখানা শ্রমিকরা জানান, সকালে তারা কারখানার নিচতলায় বয়লার রুমে কাজ করছিলেন। সাড়ে ৮টার দিকে গ্যাস লাইনে বিকট এক বিস্ফোরণ ঘটে। একইসাথে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। এতে ৬ জন শ্রমিক ঘটনাস্থলেই দগ্ধ হন।

পরে তাদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, নারায়ণগঞ্জ শিল্পনগরী থেকে দগ্ধ ৬ জনকে জরুরি বিভাগে আনা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

ডা. শাওন আরও বলেন, কার শরীরের কত শতাংশ পুড়েছে, পরীক্ষা-নিরীক্ষার পর তা নিশ্চিত হওয়া যাবে।

Visited 13 times, 1 visit(s) today