লাইফস্টাইল
আমরা সবাই চাই সুস্থ, মসৃণ, উজ্জ্বল চুল — তা হোক ঢেউ খেলানো, কোঁকড়ানো কিংবা সোজা। কিন্তু আজকের কোটি টাকার হেয়ারকেয়ার শিল্পে নিত্যনতুন পণ্য, টিপস ও ট্রেন্ডের ভিড়ে আসল যত্নের ধারণা অনেক সময়ই হারিয়ে যায়। বিশেষজ্ঞদের মতে, সুস্থ চুলের রহস্য ব্যয়বহুল পণ্য নয়, বরং কিছু মৌলিক যত্নের নিয়ম ঠিকভাবে মেনে চলা। নিচে দেওয়া হলো চুলের যত্ন নিয়ে চারটি প্রচলিত মিথ ও তার বাস্তবতা —
১. ঠান্ডা পানি চুলে অতিরিক্ত উজ্জ্বলতা আনে না
অনেকে বিশ্বাস করেন ঠান্ডা পানি দিয়ে চুল ধুলে তা ঝলমলে হয়। কিন্তু বিশেষজ্ঞদের মতে, ঠান্ডা পানি চুলে কোনো বাড়তি উজ্জ্বলতা দেয় না। বরং খুব গরম পানি চুলের আর্দ্রতা নষ্ট করে ও মাথার ত্বক পুড়িয়ে ফেলতে পারে। তাই আরামদায়ক গরম পানি ব্যবহার করাই সঠিক।
২. কোনো পণ্যই ক্ষতিগ্রস্ত চুল মেরামত করতে পারে না
চুলের ডগা ফেটে গেলে তা শুধুমাত্র কেটে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। কোনো শ্যাম্পু বা সিরাম তা স্থায়ীভাবে ঠিক করতে পারে না। বাজারের অনেক পণ্য চুলের ভাঙা অংশকে অস্থায়ীভাবে ‘গ্লু’য়ের মতো জোড়া লাগায়, ফলে চুল কিছু সময়ের জন্য সুন্দর দেখায় — কিন্তু ক্ষতি থেকে যায়। এছাড়া চুল কাটা বা নির্দিষ্ট পণ্য ব্যবহারে চুল দ্রুত বাড়ে — এই ধারণাটিও সম্পূর্ণ ভুল।
৩. চুল নিজে নিজে পরিষ্কার হয় না
অনেকে বলেন, নিয়মিত না ধুলে চুল নিজে নিজেই “self-clean” হয়ে যায়। কিন্তু বাস্তবে মাথার ত্বকে হাজার হাজার তেল গ্রন্থি থাকে, যা ময়লা ও ধুলা জমায়। নিয়মিত পরিষ্কার না করলে খুশকি, চুলকানি ও দুর্গন্ধ হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, যদি চুল খুব তৈলাক্ত হয় বা নিয়মিত পণ্য ব্যবহার করা হয়, তাহলে প্রতি দুই দিনে একবার শ্যাম্পু করা উচিত। যাদের চুল শুষ্ক, তারা সালফেট-মুক্ত শ্যাম্পু ব্যবহার করতে পারেন, যা চুলের প্রাকৃতিক তেল নষ্ট করে না।
৪. ড্রাই শ্যাম্পু আসল শ্যাম্পুর বিকল্প নয়
সময় বা সুযোগের অভাবে অনেকে ড্রাই শ্যাম্পু ব্যবহার করেন। এটি তেলতেলে চুলকে সাময়িকভাবে সতেজ দেখাতে সাহায্য করে, কিন্তু এটি কখনোই আসল শ্যাম্পুর বিকল্প নয়। একবারের বেশি টানা ব্যবহার করলে মাথার ত্বকে তেল, ময়লা ও ব্যাকটেরিয়া জমে গিয়ে চুলকানি ও খুশকি হতে পারে। তাই এটি ব্যবহার করা যেতে পারে, তবে নিয়মিত শ্যাম্পু করাটাই জরুরি।
চূড়ান্ত পরামর্শ:
মাথার ত্বকের যত্ন নেওয়াই চুলের যত্নের মূল। যেমন আমরা মুখে প্রতিদিন মেকআপ তোলার পর পরিষ্কার করি, তেমনি ত্বকের নিচের অংশ— অর্থাৎ স্ক্যাল্প— পরিষ্কার রাখাটাই চুলের স্বাস্থ্য রক্ষার চাবিকাঠি।
