টানা চারটি সিরিজ হার, সর্বশেষ ১১ ম্যাচ খেলে ১০টিতেই হার। বাংলাদশ পুরুষ ক্রিকেট দল ওয়ানডে ক্রিকেটে আছে গত ২০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায়। গত কয়েক মাস ধরেই র্যাঙ্কিংয়ে অবস্থান তাদের এখন দশ নম্বরে।
ওয়ানডে ইতিহাসে এরচেয়ে বাজে অবস্থায় বাংলাদেশ সর্বশেষ ছিলো ২০০৪ সালে। ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর পর ৪৭ ম্যাচ জয়হীন ছিলো তারা। তবে ২০০৭ সাল থেকে বদলে যেতে থাকে বাংলাদেশ দল।
টানা চারটা ওয়ানডে সিরিজও বাংলাদেশ হারল ১৪ বছর পর। ২০১১ সালে জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারার পর এত বাজে অবস্থা এই প্রথম।
২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ পার করেছে সেরা সময়। এই সময়ে একাধিকবার এশিয়া কাপ ফাইনাল, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালসহ সিরিজ জিতেছিল পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার মতন দলের বিপক্ষে।
২০২৪ সালে রাজনৈতিক পালা বদলের পর থেকে আরও অনেক কিছুর মতন ভুগছে দেশের ক্রিকেট। একাধিকবার ক্রিকেট বোর্ডে এসেছে বদল। প্রশ্নবিদ্ধ নির্বাচনে চলতি মাসে আবার গঠিত হয়েছে নতুন বোর্ড। টি-টোয়েন্টিতে কিছু দ্বি-পাক্ষিক সিরিজ ছাড়া এই সময়ে সাফল্য, বহুজাতিক আসরে একের পর এক ব্যর্থতা। ওয়ানডেতে দ্বি-পাক্ষিক সিরিজেও ধরা দিচ্ছে না জয়।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলবে ১৪ দল। সরাসরি ১০ দল ও বাছাইপর্ব থেকে যাবে ৪ দল। এখনো অনেকটা সময় বাকি থাকায় সরাসরি বিশ্বকাপ খেলার আশা উজ্জ্বলই আছে। তবে তলানির অবস্থা চলতে থাকলে সামনে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতে পারে।
