জুলাইয়ের গাদ্দারদের সব বেইমানির রেকর্ড ফাঁস করে দেবো: এনসিপি নেতা মুনতাসিরের হুমকি

জুলাইয়ের গাদ্দারদের সব বেইমানির রেকর্ড ফাঁস করে দেবো: এনসিপি নেতা মুনতাসিরের হুমকি
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

দল থেকে সাময়িক অব্যাহতি পাওয়ার পর ক্ষোভে ফুঁসে উঠেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ।

রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে দেওয়া এক পোস্টে তিনি ‘জুলাইয়ের গাদ্দারদের’ বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন। পদ হারানোর পর ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় মুনতাসির লিখেছেন— “আমার কাছে সব তথ্য-প্রমাণ আছে। জুলাইয়ের গাদ্দারদের সব বেইমানির রেকর্ড জনসম্মুখে প্রকাশ করা হবে। আল্লাহ ভরসা।”

দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে মুনতাসির মাহমুদকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে এনসিপি। একইসঙ্গে কেন তাকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশও পাঠানো হয়েছে।

রোববার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

অব্যাহতির আদেশে বলা হয়েছে, “আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশ মোতাবেক আপনাকে দলের সব সাংগঠনিক কর্মকাণ্ড থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো। এ আদেশ আজ থেকেই কার্যকর হবে।”

একইসঙ্গে তাকে নির্দেশ দেওয়া হয়েছে, কেন স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না, তার লিখিত ব্যাখ্যা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনের নিকট জমা দিতে।

এদিকে, একই দিনে মুনতাসির মাহমুদকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-পরিচালক পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

সংস্থার সেক্রেটারি জেনারেল ড. কবির এম. আশরাফ আলম স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, তার নিয়োগপত্রের ধারা ৭ ও ৮ অনুযায়ী চুক্তিভিত্তিক চাকরি বাতিল করা হয়েছে, যা রোববারথেকে কার্যকর হয়েছে।

Visited 37 times, 1 visit(s) today