ফেনী প্রতিনিধি
ফেনীর জুলাইযোদ্ধাকে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জুলাইযোদ্ধার ব্যনারে ছাত্রদল নেতা-কর্মীরা পৌর শহরের জিরোপয়েন্টে মিছিল ও পথসভায় করেন।
পথসভায় বক্তব্য দেন, জুলাইযোদ্ধা মো. এনায়েত উল্লাহ, সোনাগাজী কলেজ ছাত্রদলের সভাপতি নুর ইসলাম সম্রাট, চরমজলিশপুর ইউনিয়ন ছাত্রদলের সেক্রেটারী আরিফ মিয়াজি প্রমূখ।
এতে সোনাগাজী পৌরসভা ছাত্রদলের সভাপতি রহমতুল্লাহ সাহিন, সোনাগাজী কামিল মাদ্রাসা ছাত্রদলের সভাপতি সারওয়ার হোসেন আবিদ, পৌরসভা ছাত্রদল নেতা শাহাদাত হোসেন সজিবসহ শতাধিক ছাত্রদল নেতাকর্মী ও বেশ কয়েকজন জুলাইযোদ্ধা অংশ নেন।
জুলাইযোদ্ধা মো. এনায়েত উল্লাহ বলেন, জুলাই আন্দোলনে আমি ফেনীর রাজপথে পুলিশ ও আওয়ামী বাহিনীর মুখোমুখি দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছিলাম। ২০২৪ এর ৪আগষ্ট ফেনীর মহিপালে আমার উপর বর্বোরচিত হামলা চালানো হয়। এতে শরীরের ১৭টি জায়গায় গুলি ও স্পিন্টারের আঘাত লাগে। আমি গুরুতর জখম হই এবং দীর্ঘদিন চিকিৎসা নিই। আমি বাদি হয়ে ১০৬ জনের বিরুদ্ধে মামলা করেছি। সম্প্রতি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা বিএনপির নেতা আনোয়ার হোসেন আমি-সহ জুলাইযোদ্ধাদের অবমাননা করে বক্তব্য দেয়। আমি নাকি ‘ছাত্রদলের কেউ না, আমার মামলা নাকি মিথ্যা মামলা। অথচ এই আনোয়ার পাটোয়ারী জুলাই আন্দোলনের আগে পরে আওয়ামীলীগ ও জাতীয়পার্টির লোকজনের সাথে আঁতাত করেছিল।
মিছিলের ব্যাপারে কোন মন্তব্য না করলেও জুলাইযোদ্ধাকে অবমাননার বিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার পাটোয়ারি গণমাধ্যমকে বলেন, দীর্ঘ ১৩ মাস পর মামলা করা এবং উক্ত মামলায় তিন সাংবাদিককে জড়ানোর ঘটনায় আমি বলেছিলাম, এ ধরনের মামলার কারনে প্রকৃত হত্যা এবং হত্যাচেষ্টার মামলাগুলোর মেরিট নস্ট হবে। এতে জুলাইযোদ্ধার অবমাননা হয়েছে কিনা জানিনা।
