আবুধাবিতে গ্রুপ ‘বি’-এর শেষ ম্যাচে শ্রীলঙ্কা আফগানিস্তানকে ৬ উইকেটে পরাজিত করায় বাংলাদেশ এশিয়া কাপের সুপার ফোরে উঠেছে।
আফগানিস্তানের ১৬৯/৮ রানের জবাবে কুশল মেন্ডিস ৫২ বলে অপরাজিত ৭৪ এবং কামিন্দু মেন্ডিস ১৩ বলে অপরাজিত ২৬ রান করায় শ্রীলঙ্কা ১৮.৪ ওভারে ১৭১/৪ রান করে সহজ জয় লাভ করে।
এই জয়ের মাধ্যমে শ্রীলঙ্কা গ্রুপ ‘বি’ থেকে তিন ম্যাচে তিনটি জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে যোগ্যতা অর্জন করেছে। অন্যদিকে, টাইগাররা হংকং এবং আফগানিস্তানকে পরাজিত করে গ্রুপ রানার-আপ হিসেবে সুপার ফোরে জায়গা করে নিয়েছে। চার দলের এই গ্রুপে আফগানিস্তান একটিমাত্র জয় নিয়ে তৃতীয় স্থানে এবং হংকং চতুর্থ স্থানে রয়েছে।
বাঁচা-মরার এই ম্যাচে আফগানরা ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পর শুরুতে খেই হারিয়ে ফেলে এবং ১৮ ওভার শেষে তাদের রান ছিল ৭ উইকেটে ১২০। কিন্তু অভিজ্ঞ মোহাম্মদ নবী ১৯তম ওভারে দুশমন্ত চামিরার বলে ১৭ রান নেওয়ার পর ম্যাচের মোমেন্টাম পাল্টে দেন। এরপর ২০তম ওভারে তিনি বাঁহাতি স্পিনার দুনিথ ওয়েল্লালেজকে পাঁচটি ছক্কা মারেন, যে ওভার থেকে মোট ৩২ রান আসে। শেষ বলে নবী রান আউট হলেও তার ২২ বলে ৬০ রানের ইনিংস আফগানদেরকে খেলায় এগিয়ে রাখে।
শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে ১৭০ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কানরা মোটেও বিচলিত হয়নি। ওপেনার মেন্ডিসের নেতৃত্বে তারা দক্ষতার সাথে রান তাড়া করে। দুই মেন্ডিসের অপরাজিত ৫২ রানের জুটি মাত্র ২৩ বলে আসে। শ্রীলঙ্কা সহজেই এই টুর্নামেন্টের সর্বোচ্চ রান তাড়া করে জয় লাভ করে। এই ফলাফলের পর সুপার ফোরের লাইন-আপও নিশ্চিত
হয়েছে। এর আগে ভারত ও পাকিস্তান গ্রুপ ‘এ’ থেকে যোগ্যতা অর্জন করেছিল। সুপার ফোরের পর্ব শুরু হবে শনিবার দুবাইয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে।
