গয়েশ্বর: মৌলবাদীরা এখন বেহেশতের টিকিট বিক্রির নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে

গয়েশ্বর: মৌলবাদীরা এখন বেহেশতের টিকিট বিক্রির নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশে এখন সাম্প্রদায়িক ও মৌলবাদী শক্তির উত্থান ঘটছে, যা গণতন্ত্র ও মানবিক মূল্যবোধের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর সাম্প্রদায়িক উগ্রবাদ এখন ভয়াবহভাবে বিস্তার লাভ করছে। মৌলবাদীরা এখন বেহেশতের টিকিট বিক্রির নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।

গতকাল জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে হিউম্যান রিসার্চ অ্যান্ড এনালাইসিস ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘জুলাই বিপ্লব ও আগামীর গণতন্ত্র ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ধর্মের নামে এখন বিভাজন সৃষ্টি করা হচ্ছে। যারা ভিন্নমত পোষণ করে, তাদের দোজখের ভয় দেখানো হচ্ছে। অথচ তারা নিজেরাই জানে না, তারা কোথায় যাবে। এভাবে সমাজে ভয়ভীতি ছড়িয়ে একটি ধর্মান্ধ মব তৈরির চেষ্টা চলছে।

তিনি সতর্ক করে বলেন, গণতন্ত্রের পথ থেকে যদি আমরা বিচ্যুত হই, তাহলে সাম্প্রদায়িকতা ফ্যাসিবাদের চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠবে। এরা মুক্তচিন্তা, প্রতিভার বিকাশ—কোনোটাই হতে দেবে না। এদের লক্ষ্য, আধুনিক সমাজব্যবস্থাকে ধর্মের মোড়কে পেছনে ঠেলে দেওয়া।

ধর্ম ও রাষ্ট্র ব্যবস্থার সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সবসময় ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে, তবে ধর্মের অপব্যাখ্যা দিয়ে যারা মানুষকে ভুল পথে পরিচালিত করে, তারা সমাজ ও রাষ্ট্রের শত্রু। ধর্ম একটি নৈতিক জীবন ব্যবস্থা, যেখানে অন্যায় ও পাপের শাস্তির বিধান আছে। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায়ও অন্যায়কে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে দেখা হয়। তাই ধর্ম ও রাষ্ট্রের মধ্যে সাংঘর্ষিক কিছু নেই, কিন্তু ধর্মের অপব্যবহার রাষ্ট্রের শত্রুতা।

পিআর পদ্ধতি প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গণতন্ত্রের মানে হলো জনগণের ভোটে সরকার নির্বাচন। কিন্তু এখন এমন কিছু মডেল প্রচার করা হচ্ছে যেগুলো আমাদের সংস্কৃতি ও বাস্তবতার সঙ্গে যায় না। বিদেশ থেকে বিশেষজ্ঞ এনে যে সব পদ্ধতির প্রচার চলছে, তা অনেক সময় কুসংস্কারে পরিণত হচ্ছে।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান সেগুন প্রমুখ।

Visited 14 times, 1 visit(s) today