❐ জেলা প্রতিনিধি
ফেনীতে ছিনতাইকালে তাঁতীদল নেতাসহ ৬ সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। পরবর্তীতে তাদের কাছ থেকে ছিনতাই হওয়া অটোরিকশার বেশকিছু যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
গতকাল সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৬ই সেপ্টেম্বর, শনিবার লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেক ইউনিয়নের চরলরেঞ্চ গ্রামের মো. হারুনের ছেলে অটোরিকশা চালক মো. শাহিদ (১৭) ফেনী মডেল থানায় তার অটোরিকশা ছিনতাইয়ের একটি অভিযোগ দায়ের করেন।
এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ঠা সেপ্টেম্বর রাত ৯টার দিকে ৩/৪ জন অজ্ঞাতনামা যাত্রীবেশী ছিনতাইকারী ফেনী শহরের এসএসকে রোডের হোটেল ডিলাক্সের পাশের রাস্তা থেকে মহিপাল হাইওয়ে থানায় যাবার কথা বলে ৭০ টাকা ভাড়া নির্ধারণ করে তার রিকশায় ওঠে। ফতেপুর ফ্লাইওভারের নিচে যাওয়ার পর চালককে ছুরিকাঘাত করে তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায় যাত্রীবেশী ছিনতাইকারীরা।
এ মামলায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের উত্তর চাড়িপুরের মৃত মো. মিজানের ছেলে এমদাদুল ইসলাম প্রকাশ পাভেল (২১), কুমিল্লার চৌদ্দগ্রামের পূর্ব ডেকরা গ্রামের কামাল হোসেনের ছেলে মনোহর আলী প্রকাশ মনা (২১), লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর উত্তর মাটিং গ্রামের মো. আবুল কাশেমের ছেলে মো. রাশেদ (১৯)কে গ্রেপ্তার করেন।
পরবর্তীতে তাদের স্বীকারোক্তি মতে এ মামলায় ফেনী সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের ইলাশপুর গ্রামের মাহবুবুল হকের ছেলে ও ফেনী পৌর তাঁতীদলের যুগ্ম আহবায়ক মো. ইয়াছিন মানিক প্রকাশ বোমা মানিক (৪০), পূর্ব দেবীপুর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে এনামুল হক (৫০) কেও বাথানিয়া থেকে গ্রেপ্তার করা হয়।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) মো. সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত পাভেল, মনা, রাশেদ অটোরিকশা ছিনতাই করে বোমা মানিকের নিকট হস্তান্তর করার স্বীকাররোক্তি দেন।
এরপর বোমা মানিককে গ্রেপ্তার করে তার দেখানো স্থান থেকে অটোরিকশার ৩ খণ্ড বডি, ৩টি চাকা ও ৪টি ব্যাটারি উদ্ধার করা হয়। রোববার বিকেলে উক্ত মামলায় গ্রেপ্তারকৃত সবাইকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

