বিশেষ প্রতিবেদক
রাজবাড়ীর গোয়ালন্দের নুরাল পাগলার মাজারে শুক্রবার সংঘটিত সহিংস হামলার পর শনিবার সকাল থেকেই এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বন্ধ গেটের সামনে পুলিশের পাহারা, সেনাবাহিনীর টহল এবং স্থানীয় মানুষের আতঙ্ক—সবকিছু মিলে গোটা অঞ্চল যেন অচল হয়ে পড়েছে।
স্থানীয়রা জানাচ্ছেন, শুক্রবার হাজার হাজার মানুষ মাজারটিতে হামলা চালায়। এতে ক্ষয়ক্ষতির পাশাপাশি চরম ভীতি ছড়িয়ে পড়ে আশপাশের গ্রামগুলোতে। অনেকে আশঙ্কা করছেন, যে কোনো সময় আবারও এমন হামলা হতে পারে।
পুলিশ জানায়, সরকারি কাজে বাধা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে অজ্ঞাত সাড়ে তিন হাজার জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। তবে প্রশ্ন উঠছে, আগে থেকে তথ্য থাকা সত্ত্বেও কেন হামলা ঠেকাতে ব্যর্থ হলো আইনশৃঙ্খলা বাহিনী?
মব সন্ত্রাস সারাদেশে
রাজবাড়ীর পাশাপাশি রাজশাহীর পবা উপজেলাতেও একই দিনে খানকা শরিফে হামলা চালানো হয়। সেখানেও পুলিশের সামনেই ভাঙচুর চালায় সশস্ত্র জনতা। শুধু মাজার নয়, ধর্ম অবমাননার অভিযোগ বা রাজনৈতিক ট্যাগ দিয়ে সাম্প্রতিক সময়ে রংপুর, ঢাকা, তারাগঞ্জ, গঙ্গাচড়া—সব জায়গায় একই ধরনের মব সন্ত্রাসের ঘটনা ঘটছে।
বিশ্লেষকদের মতে, পুলিশ ও প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণেই এসব হামলা প্রতিনিয়ত ঘটছে। সমাজবিজ্ঞানী ড. তৌহিদুল হক সতর্ক করে বলেন, “একবার মব সন্ত্রাস করে ছাড় পেলে তা ছোঁয়াচে রোগের মতো সমাজে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে এখন সেটিই হচ্ছে।”
সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ বলেন, “পুলিশ যদি কাজ করার নিরাপত্তা না পায়, তবে তারা কাজ করবে কীভাবে? অন্যায় করলে বিচার হোক, কিন্তু তাদের সঠিকভাবে কাজের সুযোগ না দিলে আইনশৃঙ্খলা রক্ষা সম্ভব নয়।”
প্রশ্নবিদ্ধ ইউনূস সরকার
ক্রমাগত সহিংসতা ও মব সন্ত্রাস দমনে ব্যর্থতার কারণে সমালোচনার মুখে পড়েছে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। অনেকে বলছেন, আন্তর্জাতিক অঙ্গনে শান্তির নোবেল পাওয়া সত্ত্বেও দেশে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে তার ভূমিকা প্রায় অনুপস্থিত।
স্কুল শিক্ষক আব্দুর রাজ্জাক বলেন, ইউনূস সাহেবের প্রতি রেসপেক্ট রেখেই বলছি, উনি পৃথিবীর কোথায় শান্তি রক্ষা করে নোবেল জিতেছেন জানি না, তবে সেই নোবেলের সম্মান রাখায় তিনি দেশে তো অন্তত শান্তি রক্ষার চেষ্টা করতে পারতেন। প্রতিদিন অগুণিত মানুষ মরছে সহিংসতায়। শান্তিটা কোথায়?
আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর কঠোর বার্তার পরও বাস্তবে কোনো পরিবর্তন না আসায় সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকেরা। গণতান্ত্রিক অধিকার কমিটির সাম্প্রতিক এক বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের “নির্লিপ্ততা বা পরোক্ষ সমর্থনে দেশে মবোক্রেসি চলছে।”
পুলিশের ভীতি ও প্রশাসনের ব্যর্থতা
এমন ঘটনাগুলো ঘটছে পুলিশের উপস্থিতিতেই। স্থানীয়দের অভিযোগ, হামলার সময় পুলিশ দাঁড়িয়ে থেকেও কোনো ব্যবস্থা নেয়নি। এ প্রসঙ্গে আইনজীবী মনজিল মোরসেদ সঠিকই বলেছেন— “পুলিশ যদি কাজ করার নিশ্চয়তা না পায়, তবে তারা কাজ করবে কিভাবে?”
প্রশ্ন হচ্ছে—যে রাষ্ট্রযন্ত্র নাগরিককে সুরক্ষা দেবে, সেটিই যদি ভয়ে পিছু হটে, তবে আইনের শাসন কীভাবে প্রতিষ্ঠিত হবে?
ব্যর্থতা আড়াল করতে বিবৃতি
রাজবাড়ীর মাজারে হামলার রাতেই ইউনূস সরকার এক বিবৃতিতে নিন্দা জানিয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু মাঠপর্যায়ে কার্যকর পদক্ষেপ না থাকায় এ ধরনের বিবৃতিকে অনেকে দায় এড়ানোর কৌশল বলে মনে করছেন।
ড. তৌহিদুল হক মনে করেন, পুলিশ ভীত হয়ে পড়েছে বলেই মব সন্ত্রাস দমন হচ্ছে না। তার ভাষায়, “রাজনৈতিক বা ধর্মীয় মতাদর্শের মবের বিরুদ্ধে পুলিশ নামতে ভয় পাচ্ছে।”
অন্যদিকে পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা বলেন, “কিছু ঘটনা ঘটবেই, কিন্তু সরকারের উচিত কঠোর হওয়া। না হলে সাধারণ মানুষই নয়, আন্তর্জাতিক মহলেও প্রশ্ন উঠবে।”
মাজারে হামলা, ধর্ম অবমাননার অভিযোগে জনতার তাণ্ডব, কিংবা রাজনৈতিক ট্যাগ দিয়ে হেনস্তা—এসব ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের আস্থা ক্রমেই নড়বড়ে হয়ে পড়ছে। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা এবং পুলিশের দুর্বলতা জনমনে প্রশ্ন তুলছে—ড. ইউনূসের নেতৃত্বে এই সরকার আদৌ কি শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে সক্ষম হবে?
