বাংলাদেশ সিরিজের নেদারল্যান্ডসের দলে বাধ্যতামূলক তিন পরিবর্তন

বাংলাদেশ সিরিজের নেদারল্যান্ডসের দলে বাধ্যতামূলক তিন পরিবর্তন
শেয়ার করুন

বাংলাদেশ সিরিজের জন্য নেদারল্যান্ডসের টি-টোয়েন্টি দলে তিনটি বদল আনা হয়েছে। চোটের কারনেই এমন বদলের দিকে হাঁটতে হয়েছে ডাচদের। নতুন আসা তিনজনের মধ্যে আছেন ১৭ বছর বয়সী অনভিজ্ঞ ব্যাটসম্যান সেড্রিক ডি ল্যাঞ্জ।

সিলেটে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের কয়েক দিন আগে চোটের কারণে এই পরিবর্তন করতে বাধ্য হয়েছে সফরকারী দল। অনূর্ধ্ব-১৯ এবং ঘরোয়া টি-টোয়েন্টিতে ধারাবাহিক ভালো খেলার পুরস্কার পেয়েছেন ডি ল্যাঞ্জ।

নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস তরুণ এই খেলোয়াড় সম্পর্কে বলেন, “দলে একজন তরুণ খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা সবসময়ই আনন্দের।”
“পুরো গ্রীষ্মে সেড্রিক খুবই ভালো খেলেছে এবং সে সত্যিই এই সুযোগ পাওয়ার যোগ্য। আমরা এই সফরে সে কী দিতে পারে, তা দেখার অপেক্ষায় আছি। আশা করি, তার সামনে একটি দীর্ঘ ক্যারিয়ার রয়েছে।”

নেদারল্যান্ডসের ১৫ সদস্যের দলে এছাড়াও পেসার সেবাস্টিয়ান ব্রাট এবং অলরাউন্ডার সিকান্দার জুলফিকারকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। রায়ান ক্লেইন এবং ফ্রেড ক্লাসেন চোটের কারণে সিরিজ থেকে ছিটকে যাওয়ার পর এই পরিবর্তনগুলো এসেছে। অন্যদিকে, ব্যক্তিগত কারণ দেখিয়ে সাকিব জুলফিকার দল থেকে সরে দাঁড়িয়েছেন।

নেদারল্যান্ডস আগামী ৩০ আগস্ট থেকে বাংলাদেশের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে, যা আগামী বছরের আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে কাজ করবে।

নেদারল্যান্ডসের স্কোয়াড: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়াহ ক্রোয়েস, ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, তেজা নিডামানুরু, সিকান্দার জুলফিকার, সেড্রিক ডি ল্যাঞ্জ, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকারেন, শরিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডরাম, সেবাস্টিয়ান ব্রাট, টিম প্রিঙ্গল।

Visited 10 times, 1 visit(s) today