পাকিস্তানের সঙ্গে খেলতে রাজী হওয়াকে ‘নির্লজ্জ’ বললেন ভারতের সংসদ সদস্য

পাকিস্তানের সঙ্গে খেলতে রাজী হওয়াকে ‘নির্লজ্জ’ বললেন ভারতের সংসদ সদস্য
শেয়ার করুন

এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের খেলতে রাজী হওয়ায় চটেছেন দেশটির শিবসেনা নেত্রী ও পার্লামেন্ট সদস্য প্রিয়াঙ্কা চতুর্বেদী। তিনি এই ম্যাচ আয়োজনের সিদ্ধান্তকে “নির্লজ্জ” বলে অভিহিত করেছেন এবং এর বিরুদ্ধে ভারতীয় নাগরিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।

নিজের এক্স (সাবেক টুইটার) পোস্টে তিনি লিখেছেন, “যেসব স্পনসর, সম্প্রচারকারী এবং স্ট্রিমিং অ্যাপ এই ভারত-পাকিস্তান ম্যাচ থেকে অর্থ উপার্জনের চেষ্টা করছে, তাদের সবার নাম প্রকাশ করুন এবং তাদের নিন্দা করুন। কারণ স্পষ্টতই, বিসিসিআই এবং ভারত সরকার নির্লজ্জভাবে এই ম্যাচ নিয়ে এগিয়ে যাচ্ছে। এটি আমাদের ভারতীয় নাগরিকদের আমাদের কণ্ঠস্বর জোরালো ও পরিষ্কারভাবে তুলে ধরার জন্য ছেড়ে দিয়েছে।”

প্রিয়াঙ্কা চতুর্বেদী ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের কাছে সরাসরি প্রশ্ন রেখেছেন, “আমি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং প্রযুক্তি মন্ত্রণালয়কে অনুরোধ করছি যে, যারা ভারত/পাকিস্তান ম্যাচ সরাসরি দেখাচ্ছে, সেইসব স্ট্রিমিং অ্যাপ এবং সম্প্রচার চ্যানেলগুলিকে নিষিদ্ধ করুন। নাকি তারাও নতজানু হবে?”

প্রিয়াঙ্কা আরও বলেন, “আমাদের কাছে ভারতীয় সেনাদের জীবনের চেয়ে টাকা কি বেশি গুরুত্বপূর্ণ? এক বছর আগেও যখন কাশ্মীরে আমাদের সৈন্যদের ওপর হামলা হয়েছিল, তখন আমরা বলেছিলাম, পাকিস্তানের সঙ্গে খেলব না। আজ আমাদের নৈতিকতা কোথায় গেল?”

এই ঘটনার ফলে ভারত-পাকিস্তান ম্যাচের বাণিজ্যিক দিক এবং রাজনৈতিক প্রভাব নিয়ে একটি নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বিসিসিআই একটি স্বাধীন সংস্থা হওয়ায় তাদের ওপর সরাসরি হস্তক্ষেপ করা সম্ভব নয়।

কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর যুদ্ধে জড়ায় ভারত-পাকিস্তান। এই অবস্থায় দুই দেশের সম্পর্ক যখন তলানীতে তখন আসছে সেপ্টেম্বরে হবে এশিয়া কাপ। যেখানে ভারত ও পাকিস্তান আছে একই গ্রুপে। দুবাইতে ১৪ সেপ্টেম্বর মুখোমুখি হবে তারা। তবে ভারতের রাজনৈতিক মহলে ম্যাচ বর্জনের দাবি উঠছে।

Visited 4 times, 1 visit(s) today