নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কবিরহাট উপজেলায় পুকুর থেকে এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পরশুরামপুর গ্রামের ভূঁঞা বাড়ির সামনের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আজ ২৫শে জুলাই, শুক্রবার সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মারা যাওয়া রোকেয়া পারভীন সুরমা (৬০) সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের সুরমা মঞ্জিলের নুরুল মতিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়ারা জানান,পারভীন সিজোফ্রেনিয়া মানসিক রোগে আক্রান্ত ছিলেন। বুধবার রাতে ঘরে চিৎকার চেঁচামেচি করেন। মাঝে মধ্যে তিনি এ রকম করে থাকেন। এ নিয়ে বৃহস্পতিবার সকালে ঘর থেকে বের হয়ে যান।
একই দিন রাত সাড়ে ৮টার দিকে পথচারীরা তার মরদেহ পার্শ্ববর্তী কবিরহাট উপজেলার পরশুরামপুর গ্রামের খোকন ভূঁঞার বাড়ির পুকুরে ভাসতে দেখেন।
খবর পেয়ে রাত ১২টার দিকে ঘটনাস্থল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের ধারণা, কাদা পানি মাড়িয়ে হাঁটার সময় পুকুরের পানিতে পড়ে গিয়ে ওই নারীর মৃত্যু হয়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া গতরাতে জানান, বৃদ্ধার ছেলে মনিরুল আহছান জানিয়েছে তার মা মানসিক রোগী ছিলেন। স্থানীয়দের তথ্যের ভিক্তিতে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরে কোনো আঘাতের চিহৃ দেখা যায়নি।
তিনি বলেন, মরদেহের ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর হবে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
