বিশেষ প্রতিবেদক
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ আজ থাইল্যান্ডে অনুষ্ঠিত ২৪তম বার্ষিক আন্তর্জাতিক মানসিক স্বাস্থ্য সম্মেলনে “মেন্টাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৫” গ্রহণ করেছেন।
থাইল্যান্ডের পাবলিক হেলথ মন্ত্রণালয়ের মেন্টাল হেলথ বিভাগ, জিত্তাভেজসার্ত সংক্রাও ফাউন্ডেশন এবং সোমদেত চাওপ্রয়া মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে ব্যাংককের আইকনসিয়াম-এ এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
পুরস্কারপ্রদান অনুষ্ঠানের বক্তব্যে বলা হয়, “সায়মা ওয়াজেদের অনন্য নেতৃত্ব, মানবাধিকারের প্রতি প্রতিশ্রুতি, সাংস্কৃতিক প্রেক্ষাপটের গভীর উপলব্ধি এবং মানসিক স্বাস্থ্য নীতিতে অভূতপূর্ব অবদানকে সম্মান জানিয়ে এই পুরস্কার প্রদান করা হয়েছে।”
সায়মা ওয়াজেদ আন্তর্জাতিক পর্যায়ে মানসিক স্বাস্থ্য ও অটিজম বিষয়ে সুপরিচিত একজন বিশেষজ্ঞ। তিনি তার কর্মজীবনের দুই দশক এই খাতে উৎসর্গ করেছেন—একজন পেশাজীবী ও নীতিনির্ধারক হিসেবে। তার দৃষ্টিভঙ্গিমূলক কাজ দক্ষিণ-পূর্ব এশিয়ায় মানসিক স্বাস্থ্যের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
পুরস্কার গ্রহণকালে সায়মা বলেন, “২০ বছর আগে আমি যখন এই যাত্রা শুরু করি, তখন মানসিক স্বাস্থ্য পরিস্থিতি একেবারেই ভিন্ন ছিল। এই দীর্ঘ পথচলায় যারা আমার সঙ্গে ছিলেন, তাদের পক্ষ থেকে আমি এই সম্মানে কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
তিনি থাইল্যান্ডের মানসিক স্বাস্থ্য উন্নয়নে অগ্রণী ভূমিকার প্রশংসা করে বলেন, “থাইল্যান্ডের মানসিক স্বাস্থ্যখাতে উদ্যোগ ও উদ্ভাবন আমি গভীর কৃতজ্ঞতা ও প্রশংসার সঙ্গে দেখেছি।”
তিনি আরও জানান, থাইল্যান্ড ও WHO-র মধ্যে পার্টনারশিপ অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে। এর অন্তর্ভুক্ত রয়েছে ইন্টারন্যাশনাল মেন্টাল হেলথ ওয়ার্কফোর্স ট্রেনিং প্রোগ্রাম, ডিজিটাল প্ল্যাটফর্ম ‘স্টেপ-বাই-স্টেপ’ ও ‘তর-তুয়েম-জাই’, আত্মহত্যা প্রতিরোধে LIVE LIFE উদ্যোগ এবং লেগো ফাউন্ডেশনের সহযোগিতায় প্যারেন্টিং ইন্টারভেনশন প্রভৃতি।
শেষে তিনি বলেন, “WHO-র দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে আমরা আমাদের মেয়াদজুড়ে মানসিক স্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। থাইল্যান্ডসহ অংশীদারদের সঙ্গে কাজ করে আমরা আরও অনেক কিছু অর্জন করতে চাই।”
