নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের নবীন ও সম্ভাবনাময় সমুদ্রগামী শিপিং খাতে প্রায় ৩৫০ কোটি ডলারের বিনিয়োগ এখন মারাত্মক অনিশ্চয়তায় পড়েছে। হঠাৎ করেই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ খাতের ওপর দেওয়া করছাড় ও ভ্যাট অব্যাহতি সুবিধা বাতিল করায় বিনিয়োগকারীরা দিশেহারা হয়ে পড়েছেন। এতে দেশের ফ্রেইট বাজারে অংশগ্রহণ বাড়ানোর যে কৌশলগত উদ্যোগ চলছিল, তা বড় ধাক্কা খেল।
গত পাঁচ বছরে বাংলাদেশি পতাকাবাহী জাহাজের সংখ্যা ৩৯ থেকে বেড়ে দাঁড়ায় ১০১টিতে। এর পেছনে মূল চালিকাশক্তি ছিল সরকারের করছাড় নীতি, যার ওপর আস্থা রেখেই দেশি ও বিদেশি বিনিয়োগকারীরা ৩৫০ কোটি ডলারের বেশি বিনিয়োগ করেন। এই বিনিয়োগের লক্ষ্য ছিল দেশীয় বহরের মাধ্যমে বিদেশি শিপিং কোম্পানির ওপর নির্ভরতা কমিয়ে বৈদেশিক মুদ্রা দেশে ধরে রাখা।
কিন্তু ২০২৪ সালের ১৫ ও ১৭ই ডিসেম্বর এনবিআরের দুটি নির্দেশনার মাধ্যমে এই খাতের ওপর আরোপ করা হয় নতুন ভ্যাট ও আয়কর, যা পূর্ববর্তী করছাড় নীতির সম্পূর্ণ পরিপন্থী। এখন ভাড়ার আয়ে কর, জাহাজ আমদানিতে ৭.৫% ভ্যাট এবং ৫% পর্যন্ত অগ্রিম আয়করসহ মোট কার্যকর করহার দাঁড়াচ্ছে প্রায় ৩০ শতাংশে।
বিনিয়োগ অনিশ্চিত, ব্যবসা বন্ধের শঙ্কা
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তাফা কামাল, যার কোম্পানির জাহাজ বহর দেশের সবচেয়ে বড় (২৫টি জাহাজ), জানিয়েছেন, এখন এই খাতে টিকে থাকাও কঠিন হয়ে পড়েছে। করের বোঝা এমন অবস্থায় পৌঁছেছে যে, আমাদের জাহাজ বিক্রি ছাড়া আর কোনো পথ খোলা নেই।
তিনি জানান, গত ৫ বছরে তিনি একাই ৬০ কোটি ডলারের বেশি বিনিয়োগ করেছেন, কিন্তু হঠাৎ নীতিগত এই পরিবর্তনে নতুন বিনিয়োগ পরিকল্পনা স্থগিত করেছেন।
এমজেএল বাংলাদেশ ইতোমধ্যে ১৫ কোটি ডলার বিনিয়োগে তিনটি জাহাজ কেনার চুক্তি করেছে। প্রতিষ্ঠানটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এই নীতিগত পরিবর্তনের ফলে প্রতিবছর এমজেএলের ১৯ মিলিয়ন ডলার আর্থিক ক্ষতি হবে, যা প্রত্যাশিত আয়ের চেয়েও বেশি।
বৈদেশিক মুদ্রা আয়ের পথ বন্ধ হওয়ার শঙ্কা
শিল্পসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশীয় জাহাজগুলো প্রায় ১০০ কোটি ডলারের ফ্রেইট আয় করেছে, যা আগের বছরগুলোতে বিদেশি জাহাজ কোম্পানির কাছে চলে যেত। পাশাপাশি এ খাতে নিয়োজিত ২,০০০ পেশাজীবীর মাধ্যমে এসেছে ৭০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স।
তবে বিনিয়োগ ঝুঁকিতে পড়ায় এই আয় প্রবাহ বন্ধ হয়ে যেতে পারে। কারণ বর্তমানে আমদানি-রপ্তানির বিপরীতে বছরে প্রায় ১০ বিলিয়ন ডলারের ফ্রেইট বিল পরিশোধ করে বাংলাদেশ, যার ৯০ শতাংশই যাচ্ছে বিদেশি কোম্পানিগুলোর পকেটে। এই অংশ দেশেই রাখার লক্ষ্যেই গড়ে তোলা হচ্ছিল দেশীয় বহর।
নীতির বেকায়দা বদল
বাংলাদেশ ওশেনগোয়িং শিপ ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আজম জে চৌধুরী বলেছেন, সরকার ২০৩০ সাল পর্যন্ত করছাড়ের যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা ভিত্তি করেই বিনিয়োগকারীরা ঝুঁকি নিয়েছেন। অথচ হঠাৎ করে একতরফাভাবে সুবিধা প্রত্যাহার করায় এই বিপুল বিনিয়োগ এখন অনিশ্চয়তায়।
তিনি আরও বলেন, ২০২৩ সালের একটি সরকারি আদেশে বলা হয়েছিল, এনবিআর বিদ্যমান নির্দেশনা সংশোধন করতে পারবে, কিন্তু নতুন করে কর আরোপ করতে পারবে না। সেই নির্দেশনাও এবার উপেক্ষিত হয়েছে।
আইএমএফের সুপারিশের ফল?
এনবিআরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, করছাড় প্রত্যাহারের সিদ্ধান্ত এসেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সুপারিশের ভিত্তিতে। বাজেট ঘাটতি কমাতে এবং রাজস্ব বাড়াতে আইএমএফ বিভিন্ন খাতে কর রেয়াত কমানোর পরামর্শ দিয়েছে।
শুধু একটি নীতিগত পরিবর্তন দেশের একটি পূর্ণাঙ্গ শিল্পখাতের ভবিষ্যতকে অনিশ্চিত করে তুলেছে। ৩৫০ কোটি ডলারের বিনিয়োগ, ১০০ কোটি ডলারের বৈদেশিক আয় এবং হাজারো পেশাদার কর্মসংস্থান এখন ঝুঁকির মুখে। এখন প্রশ্ন হচ্ছে—সরকার কি এই খাতকে ডুবে যেতে দেবে, নাকি পুনর্বিবেচনার পথে হাঁটবে?
