জার্মান প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জার্মান আওয়ামী লীগের উদ্যোগে আগামী ২৩শে জুন সোমবার বার্লিনের ঐতিহাসিক ব্রান্ডেনবার্গ গেট (Brandenburger Tor)-এর সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এই আয়োজনের মূল উদ্দেশ্য মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী এবং গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার প্রতিবাদ জানানো, সেইসঙ্গে বাংলাদেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারাকে ধ্বংস করে ক্ষমতা দখলকারী অবৈধ, অসাংবিধানিক ও ফ্যাসিস্ট ইউনূস সরকারের পদত্যাগের জোরালো দাবি জানানো।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশটি শুরু হবে স্থানীয় সময় দুপুর ১টায়, স্থান: Pariser Platz 10117, Berlin, Germany (Brandenburger Tor-এর সামনে)।
সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। তার এই অংশগ্রহণ প্রবাসীদের মাঝে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা যোগাবে বলে আয়োজকরা জানিয়েছেন।
জার্মান আওয়ামী লীগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশে বর্তমান সংকটময় রাজনৈতিক প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের চুপ করে থাকা উচিত নয়।
তারা বলেন, বাংলাদেশের মাটি ও মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক আত্মার, আমাদের হৃদয়ে প্রিয় মাতৃভূমির জন্য দায়বদ্ধতা রয়েছে। যারা আজ বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, তারা ইতিহাসের সঙ্গে যুদ্ধ করছে, জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে।
সমাবেশে জার্মান আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় প্রবাসী বাংলাদেশি সমাজ, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সংগঠন এবং গণতন্ত্রকামী সচেতন নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজকরা আরও জানান, বাংলাদেশ আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি বাঙালি জাতির আত্মপরিচয়ের অংশ। ১৯৪৯ সালের ২৩শে জুন জন্ম নেওয়া এই দলটি ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং উন্নয়নযাত্রার প্রতিটি পদক্ষেপে জাতিকে নেতৃত্ব দিয়েছে। আজ যারা এই ঐতিহাসিক সংগঠনের অস্তিত্ব মুছে ফেলতে চায়, তারা দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও সংবিধানকেও বিপন্ন করতে চায়।
জার্মান আওয়ামী লীগ এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সকল গণতান্ত্রিক ও স্বাধীনতাকামী প্রবাসী বাংলাদেশিদের উপস্থিত থেকে একাত্মতা প্রকাশের আহ্বান জানিয়েছে।
শেষে একটি বার্তা— দেশপ্রেম কোনো ভৌগোলিক সীমানায় সীমাবদ্ধ নয়। প্রবাসে থেকেও মাতৃভূমির মুক্তি ও গণতন্ত্র রক্ষায় আমাদের অবস্থান স্পষ্ট করতে হবে।
