ঈদে জয়ার যুগলবন্দী: ‘তাণ্ডব’ ও ‘উৎসব’ মাতাচ্ছে প্রেক্ষাগৃহ

ঈদে জয়ার যুগলবন্দী: ‘তাণ্ডব’ ও ‘উৎসব’ মাতাচ্ছে প্রেক্ষাগৃহ
শেয়ার করুন

বিনোদন ডেস্ক

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার ঈদে দেশীয় চলচ্চিত্রপ্রেমীদের জন্য নিয়ে এসেছেন একসঙ্গে দুইটি সিনেমা। রায়হান রাফীর ‘তাণ্ডব’ এবং তানিম নূরের ‘উৎসব’— এই দুটি ভিন্ন ধারার সিনেমায় অভিনয় করে দর্শকদের মাঝে আলাদা করে আলোচনায় এসেছেন তিনি।

ঈদের আগে থেকেই ‘তাণ্ডব’-এর প্রচারণায় সরব ছিলেন জয়া। সিনেমাটি মুক্তির পর থেকে তিনি প্রচারণা আরও জোরদার করেছেন।

প্রচারণার এক ফাঁকে গণমাধ্যমকে তিনি বলেন, “ঈদের সময় একটি সিনেমা মুক্তি পেলে সেটিকে ঘিরেই উৎসবের আবহ তৈরি হয়। জানলাম, ঈদের সকাল থেকেই ‘তাণ্ডব’ দেখতে হলে ভিড় করছে দর্শকরা। এমন আগ্রহ আমাদের ইন্ডাস্ট্রির জন্য বড় সুখবর।”

‘তাণ্ডব’ ছবির মাধ্যমে প্রায় এক যুগ পর শাকিব খানের সঙ্গে বড় পর্দায় ফিরলেন জয়া আহসান। অ্যাকশন ঘরানার এই ছবিতে তিনি অভিনয় করেছেন এক অনুসন্ধানী সাংবাদিকের চরিত্রে।

দর্শকদের সঙ্গে বসে সিনেমা দেখার অভিজ্ঞতা তুলে ধরে জয়া বলেন, “আমি নিজেই প্রেক্ষাগৃহে দর্শকদের সঙ্গে ছবিটি দেখেছি। একজন দর্শক হিসেবে বলতে পারি— পুরো টাকাটা উসুল! হলে যখন চারদিকে শিস আর করতালির শব্দ শুনেছি, তখনই বুঝে গেছি, সিনেমাটি দর্শকের হৃদয় জয় করছে।”

তিনি আরও বলেন, “তাণ্ডব’-এর সবচেয়ে বড় শক্তি হচ্ছে এর গল্প। আমাদের টিম পর্দার সামনেও, পেছনেও দারুণ কাজ করেছে। আমরা ছবিটি ভালোবেসে করেছি, আর সেই ভালোবাসার প্রতিদানও পাচ্ছি দর্শকদের কাছ থেকে।”

‘তাণ্ডব’-এর পাশাপাশি ‘উৎসব’ নিয়েও সমানভাবে ব্যস্ত জয়া। দর্শকদের সঙ্গে ছবিটি দেখতে গিয়েছিলেন তিনি। শুনেছেন তাদের অনুভূতি, জানিয়ে দিয়েছেন কৃতজ্ঞতাও।

‘উৎসব’ প্রসঙ্গে জয়া বলেন, “দর্শকরা বলছেন, এই ছবিটি অনেকদিন মনে থাকবে। এখানে যারা অভিনয় করেছেন, সবাই নিজেদের মতো করে ভিন্নধর্মী শিল্পী। এতগুলো ব্যস্ত, সংবেদনশীল শিল্পীকে একসঙ্গে আনা একমাত্র পরিচালকের মুনশিয়ানার ফল। আমি নিজে দেশ-বিদেশে ছুটতে থাকি, চঞ্চল চৌধুরী খুব ব্যস্ত, আর অপি করিম নিজের মানসিক তৃপ্তি না পেলে কোনো কাজ করেন না। এমন একটি টিম এক ছবিতে এসেছে— এটাই বড় অর্জন। আমার বিশ্বাস, ‘উৎসব’-এর যাত্রা দীর্ঘ হবে।”

ঈদের মৌসুমে দর্শকদের চাহিদা নিয়ে জয়া জানান, “অনেকেই বলছেন, হলে গিয়ে টিকিটই পাচ্ছেন না। আমি নিজেও একবার হলে গিয়ে টিকিট পাইনি! বিষয়টি ভেবে কখনও কখনও লজ্জাও লাগে। আশা করি, ভবিষ্যতে নির্মাতারা ও হল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে ভাববেন।”

এই ঈদে একদিকে যেমন ‘তাণ্ডব’-এ জয়া আহসান ছিলেন দৃঢ়চেতা সাংবাদিক, অন্যদিকে ‘উৎসব’-এ তাকে দেখা গেছে সংবেদনশীল এক চরিত্রে। দুটি সিনেমাতেই তার অভিনয়ের প্রশংসা করছেন দর্শক ও সমালোচকরা। সব মিলিয়ে বলা যায়, এবারের ঈদে জয়া আহসান উপহার দিয়েছেন এক দারুণ দ্বৈত চমক।

Visited 20 times, 1 visit(s) today