প্রাথমিকের বরাদ্দ কমিয়ে বাড়ানো হলো মাদ্রাসা শিক্ষায়, হতাশা গবেষণা খাতেও

প্রাথমিকের বরাদ্দ কমিয়ে বাড়ানো হলো মাদ্রাসা শিক্ষায়, হতাশা গবেষণা খাতেও
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে ৯৫ হাজার ৬৪৫ কোটি টাকা। যদিও সামগ্রিকভাবে বাজেটের অঙ্ক কিছুটা বৃদ্ধি পেয়েছে, তবে প্রাথমিক শিক্ষায় বরাদ্দ উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা হয়েছে। পাশাপাশি, শিক্ষা বাজেটে গবেষণা খাতকেও গুরুত্ব না দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞ ও গবেষকরা।

সোমবার অন্তর্বর্তী সরকার জাতীয় সংসদে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেটের প্রস্তাব পেশ করে। এর মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৩৫ হাজার ৪০৩ কোটি টাকা, যেখানে আগের অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৩৮ হাজার ৮১৯ কোটি টাকা। অর্থাৎ প্রাথমিক শিক্ষায় এবার বরাদ্দ কমেছে ৩ হাজার ৪১৬ কোটি টাকা।

প্রাথমিক শিক্ষাকে জাতি গঠনের ভিত্তি হিসেবে বিবেচনা করে শিক্ষা গবেষকরা এ খাতে বরাদ্দ কমানোর সিদ্ধান্তকে গভীর উদ্বেগের সঙ্গে দেখছেন। তাদের মতে, একটি দেশের ভবিষ্যৎ নির্মাণে শিশুদের প্রাথমিক শিক্ষার ভিতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। অথচ সেই খাতেই সরকারের অনাগ্রহ স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মজিবুর রহমান বলেন, “যে বরাদ্দটা নির্দিষ্টভাবে প্রাথমিক শিক্ষায় কার্যকরভাবে ব্যয় করার কথা ছিল, সেই প্রক্রিয়াটি এখনও আমরা নিশ্চিত করতে পারিনি।”

অন্যদিকে, প্রস্তাবিত বাজেটে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে বরাদ্দ বৃদ্ধি করে ৪৭ হাজার ৫৬৪ কোটি টাকা করা হয়েছে, যা গত বছরের তুলনায় ৩ হাজার ৪৫৬ কোটি টাকা বেশি। একইসঙ্গে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে বরাদ্দ বাড়িয়ে ১২ হাজার ৬৭৮ কোটি টাকা করা হয়েছে, যেখানে গত অর্থবছরে এই বরাদ্দ ছিল ১১ হাজার ৭৮৩ কোটি টাকা।

শিক্ষাবিদদের মতে, শিক্ষার মানোন্নয়নে একটি সুস্পষ্ট ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকা উচিত ছিল। বিশেষ করে গবেষণাভিত্তিক উন্নয়ন (R&D) খাতে বরাদ্দ বাড়িয়ে দেশের শিক্ষা ও প্রযুক্তিগত অগ্রগতিকে বেগবান করার সুযোগ ছিল। কিন্তু সেই সুযোগ হাতছাড়া হয়েছে বলে মত দিয়েছেন তারা।

শিক্ষা গবেষক শাহনুর হোসেন বলেন, “জাতীয় উন্নয়ন ও টেকসই অগ্রগতির জন্য ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ খাতে বড় অঙ্কের বিনিয়োগ অপরিহার্য। বিশেষ করে এ খাতে বরাদ্দ বাড়ানো হলে তা শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনতে পারত।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের অধ্যাপক নাজমুল আহসান বলেন, “যদি আমরা শিক্ষাকে বিনিয়োগ হিসেবে না দেখি, তাহলে জাতি কীভাবে এগোবে? শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে যে দক্ষ জনবল তৈরি হচ্ছে, তাদের প্রস্তুতিতে আমাদের বিনিয়োগ করতে হবে। অর্থের ঘাটতি থাকলে কাঙ্ক্ষিত ফল কখনোই আসবে না।”

এছাড়া বাজেটে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বোনাস বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে, যা কিছুটা স্বস্তির বার্তা হলেও সামগ্রিকভাবে শিক্ষা খাতে কাঙ্ক্ষিত দৃষ্টি ও অগ্রাধিকার দেখা যায়নি বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

Visited 30 times, 1 visit(s) today