সংস্কারের ‘কলা’ দেখাচ্ছে অন্তর্বর্তী সরকার: সালাহউদ্দিন আহমদ

সংস্কারের ‘কলা’ দেখাচ্ছে অন্তর্বর্তী সরকার: সালাহউদ্দিন আহমদ
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকার আমাদেরকে সংস্কারের ‘কলা দেখাচ্ছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

৩১শে মে, শনিবার দুপুরে এক আলোচনা সভায় তিনি বলেন, আমরা বলেছি, সংস্কার নিয়ে যেগুলো আলোচনা হয়েছে সেগুলো কম্পাইল করে জাতির কাছে প্রকাশ করেন। ২রা জুন আবার আমাদের ডেকেছেন প্রধান উপদেষ্টা। ভাবটা আমরা বুঝছি এরকম যে, আনুষ্ঠানিকতা-আয়োজনের কোনো কমতি নেই। কিন্তু কাজের কাজের কোনো খবর নেই।

তিনি বলেন, আবার ডেকেছেন ২ তারিখে তৃতীয় পর্বের আলোচনার আবার শুভ উদ্বোধন হবে। কেন? উদ্বোধন কয়বার করতে হয়। এই সংস্কার নিয়ে আর কতবার উদ্বোধন করবেন? প্রথম পর্যায়ে একবার উদ্বোধন করেছেন আলোচনার, দ্বিতীয় পর্যায়ের আবার উদ্বোধন করলেন, তৃতীয় পর্যায়ে গিয়ে আবার আপনারা এটা একত্রিত করলেন… এভাবে আপনারা আমাদেরকে সংস্কারের কলা দেখাচ্ছেন।

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা হলে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ‘বাংলাদেশে কৃষি বিপ্লবে জিয়াউর রহমানের অবদান’ শীর্ষক এই আলোচনা সভা হয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, সংস্কার হবে, সংস্কার আমাদের প্রধানত এজেন্ডা। কিন্তু বাংলাদেশের মানুষকে এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন বলে আপনি (ড. ইউনূস) আশ্বস্ত করেছিলেন আমাদের সামনে, পরবর্তিতে আপনি সরে গেলেন সেই কাজটি ঠিক করেননি।

তিনি বলেন, একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্যে, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যে, বৈষ্যমহীন সমাজ প্রতিষ্ঠান জন্য, শক্তিশালী সাংবিধানিক রাষ্ট্র পাওয়ার জন্যে, আমাদের সমস্ত গণতান্ত্রিক অধিকার ফিরে পেতেই তো আমরা রক্ত দিয়েছি, সংগ্রাম করেছি। আর অধিকার আদায়ের কথা বললেই যদি নারাজ হন প্রধান উপদেষ্টা, সেটা খুব দুঃখজনক। সংস্কারের কথা বলে আর কত বিলম্ব করবেন।

বিএনপি নেতা বলেন, নির্বাচন বিলম্বের একটিও কারণ নাই। কেন আপনি ডিসেম্বরের বাইরে যেয়ে নির্বাচন দেবেন তার পক্ষে যুক্তি নাই। শুধু বলেন, ডিসেম্বর থেকে জুন। ডিসেম্বর থেকে জুন যেন আছর করেছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে মানুষের দাবি। সাংবাদিক বন্ধুদের কাছে অনুরোধ, জাতির সামনে উন্মুক্ত করুন, যদি ডিসেম্বরের পরে নির্বাচন অনুষ্ঠানের জন্যে একটি যুক্তিও তাদের কাছে থাকে, সেটা যেন তারা প্রকাশ করে।

কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, কৃষকদলের আবুল বাশার আখন্দ, নাছির হায়দার, জামাল উদ্দিন খান মিলন, মামুনুর রশীদ খান, এসএম ফয়সাল, আসলাম মিয়াসহ কৃষক দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

Visited 34 times, 1 visit(s) today