রাজনৈতিক বিশ্লেষণ
ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতারোহন করে গত বছরের ৮ই আগস্ট। এরপর গত ৯ মাসের শাসনামলে এক সময়ের এশিয়ার ইমার্জিং টাইগার খ্যাত বাংলাদেশের অর্থনীতির অবস্থা হয়েছে ভঙ্গুর। কমেছে জিডিপি, তলানীতে নেমেছে বিনিয়োগের পরিমাণ। শত শত কলকারখানা বন্ধ হয়ে কর্মহীন হয়েছেন লাখো শ্রমিক। জ্বালানির দাম বেড়েছে একাধিকবার, সকল উন্নয়ন কর্মকান্ড হয়েছে পড়েছে স্থবির। দেশের আর্থিক ব্যবস্থাপনার দূরবস্থার কারণে আইএমফ ঘোষিত ঋণের তৃতীয় ও চতুর্থ কিস্তির টাকা ছাড় পাচ্ছে না। ইউনূস সরকারের নির্দেশে এখন পর্যন্ত প্রায় ৩০ হাজার কোটি টাকা ছাপিয়েছে বাংলাদেশে ব্যাংক, যা বৃদ্ধি করেছে মূল্যস্ফীতি। ডলারের দাম ছাড়িয়েছে ১২৫ টাকা। এ সবই দেশের আর্থিক অচলাবস্থার প্রমাণ।
দেশের অর্থনীতি তলানীতে গেলেও ড. ইউনূসের গ্রামীণ সাইনবোর্ডের অধীনস্ত প্রতিষ্ঠানসমূহের অবস্থা পোয়াবারো। একের পর এক নতুন ব্যবসার অনুমতি পাচ্ছে তারা, হচ্ছে কর মওকুফ কিংবা পাচ্ছে কর অব্যাহতি। কম যান না ড. ইউনূস নিজেও। বিচার ব্যবস্থার উপর অযাচিত হস্তক্ষেপ করে বাতিল করা হয়েছে তার সকল সাজা, বাতিল হয়েছে সকল মামলার কার্যক্রম। শুধু তাই নয়, ড. ইউনূস তার পরিবারের সদস্য এবং গ্রামীণের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করা ব্যাক্তিদের এনে বসিয়েছেন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে। ড. ইউনূসের সৌজন্যে এক বহুজাতিক সরকার পেয়েছে বাংলাদেশে যার উচ্চ পদে রয়েছে বিভিন্ন দেশের নাগরিকরা। গোটা বাংলাদেশই যেন হয়ে পড়েছে গ্রামীণ প্রাইভেট লিঃ।
ড. ইউনূস শপথ গ্রহণের আগেরদিন অর্থাৎ ৭ই আগস্ট, ২০২৪ তারিখে শ্রম আপিল ট্রাইব্যুনাল থেকে বাতিল করা হয় তার মালিকানাধীন গ্রামীণ টেলিকমের শ্রম আইন লঙ্ঘনের মামলায় ঘোষিত ৬ মাসের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ডের রায়। ২৪শে অক্টোবর, ২০২৪ তারিখে হাইকোর্ট থেকে বাতিল করা হয় ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনে দায়ের করা অপর ৫টি মামলা। ২০১৯ সালে গ্রামীণ কমিউনিকেশনের চাকুরিচ্যুত তিন শ্রমিক এই মামলা পাঁচটি করেছিলেন।
অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে ড. ইউনূসসহ গ্রামীণ টেলিকমের কর্মকর্তাদের বিরুদ্ধে দায়েরকৃত দুদকের মামলাটির কার্যক্রমও বাতিল করা হয় ২০২৪ সালের ১১ই আগস্ট। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এই রায় প্রদান করেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ৩০শে মে দুদকের পক্ষ হতে উক্ত মামলাটি দায়ের করা হয়েছিল।
৩রা অক্টোবর, ২০২৪ তারিখে উচ্চ আদালত হতে গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর প্রদানের জন্য দেয়া রায় প্রত্যাহার করে নেয়া হয়। এর ফলে গ্রামীণ কল্যাণকে উক্ত কর আর পরিশোধ করতে হবে না। ড. ইউনূস গ্রামীণ কল্যানের চেয়ারম্যান। ১২ই অক্টোবর, ২০২৪ তারিখে গ্রামীণ ব্যাংককে ৫ বছরের জন্য কর অব্যাহতি প্রদান করে জাতীয় রাজস্ব বোর্ড। উল্লেখ্য, ড. ইউনূস ক্ষমতা গ্রহণের পর পরই গ্রামীণ ব্যাংকের পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করে তার অনুসারীগণ। ১৭ই এপ্রিল ২০২৫ তারিখে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশে সংশোধনী এনে ব্যাংকটিতে সরকারের মালিকানা ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়। অর্থাৎ রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠানটি ড. ইউনূস নিজের পকেটের আরও গভীরে নিয়ে যান।
১৯শে নভেম্বর, ২০২৪ তারিখে গ্রামীণ টেলিকম ট্রাস্ট ‘সামাজিক হাসপাতাল, মেডিক্যাল কলেজ ও স্বাস্থ্য ইন্সটিটিউট’ নামক ৫০০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল প্রকল্পের জন্য অনুমোদন প্রদান করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক। এ যেন এক টিকেটে তিন ছবি, একইসাথে হাসপাতাল, নার্সিং কলেজ এবং স্বাস্থ্য ইন্সটিউট। ইতোপূর্বে বাংলাদেশে এমন নজির নেই। ১৭ই মার্চ ২০২৫ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ হতে ‘গ্রামীণ বিশ্ববিদ্যালয়’ নতুন একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দেয়া হয় গ্রামীণ ট্রাস্টকে। বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন মোঃ আশরাফুল হাসান, যিনি ড. ইউনূসের দীর্ঘদিনের সহচর এবং ড. ইউনূসের সাথে দুদকের মামলায় আসামী ছিলেন, সাজা পেয়েছিলেন শ্রম আইন লঙ্ঘনের দায়েও। এবার পেলেন পুরস্কারও।

২০২৪ সালের ২৯শে সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক হতে গ্রামীণ টেলিকমকে ‘সমাধান সার্ভিসেস লিমিটেড’ নামক ডিজিটাল ওয়ালেট সেবা তথা পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ‘র লাইসেন্সের ছাড়পত্র প্রদান করা হয়। ২০শে মার্চ, ২০২৫ তারিখে ড. ইউনূসের মালিকানাধীন গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিস লিমিটেড পায় জনশক্তি রপ্তানি সনদ। প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এই অনুমোদন দেয়া হয়। যদিও ইতোপূর্বে প্রতিষ্ঠানটির এ সংক্রান্ত কোন কার্যক্রম ছিল না। গ্রামীণ ফুড এন্ড বেভারেজের নামে এবার একটি ‘বার’ এর লাইসেন্স নিলেই ষোলকলা পূর্ণ হয়ে যায়।
গ্রামীণের প্রতিষ্ঠানসমূহকে শুধুমাত্র ব্যবসায়িক সুযোগ প্রদানের মাঝেই সীমাবদ্ধ নেই ড. ইউনূসের বদান্যতা! বরং সরকার গঠনের পর থেকে একের পর এক নিজের আত্মীয় এবং ঘনিষ্ঠজনদের বসিয়েছেন সরকারের বিভিন্ন পদে। অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা বানানো হয়েছে ড. ইউনূসের দীর্ঘদিনের সহযোগী নুরজাহান বেগমকে। ড. ইউনূসের সাথে তিনিও ছিলেন দুদক এবং শ্রম আইন লঙ্ঘনের মামলায় অভিযুক্ত। ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক, কানাডিয়ান নাগরিক লামিয়া মোর্শেদকে করা হয়েছে সিনিয়র সচিব পদমর্যাদায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক। নিজের ভাইয়ের ছেলে অপূর্ব জাহাঙ্গীরকে বসিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি পদে। গ্রামীণ টেলিকম ট্রাস্টের সাবেক কর্মকর্তা ও ব্রিটিশ নাগরিক আশিক চৌধুরীকে বসানো হয়েছে বাংলাদেশে বিনিয়োগ কর্তৃপক্ষ এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের চেয়ারম্যানের পদ, দেয়া হয়েছে প্রতিমন্ত্রী মর্যাদা।
নিজের আত্মীয়স্বজনকে সরকারি উচ্চ পদে বসিয়েই ক্ষান্ত হননি ড. ইউনূস। বিভিন্ন দেশের নাগরিকদের সরকারের উচ্চপদে বসিয়ে এটিকে রীতিমতো বহুজাতিক কোম্পানিতে পরিণত করেছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ পেয়েছে মার্কিন নাগরিক খলিলুর রহমান ওরফে রজার রহমান। পরিবেশ উপদেষ্টার পদে বসেছেন ব্রিটিশ নাগরিক সৈয়দ রিজওয়ানা হাসান। প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক দূত হয়েছেন সুইস নাগরিক লুৎফে সিদ্দিকী। আরেক সুইস নাগরিক সাইফুর রহমান হয়েছেন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ড. ইউনূসের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ সহকারী।
মার্কিন নাগরিক মুশফিকুল ফজল আনসারী পেয়েছে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূতের পদ। ডাচ নাগরিক ফয়েজ তৈয়ব আহমেদ হয়েছেন প্রতিমন্ত্রীর পদমর্যায় প্রধান উপদেষ্টার ডাক ও টেলিযোগাযোগ এবং আইসিটি বিষয়ক বিশেষ সহকারী। মার্কিন নাগরিক শেখ মাইনু উদ্দিন হয়েছেন প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধান উপদেষ্টার সড়ক ও সেতু মন্ত্রনালয় সংক্রান্ত বিশেষ সহকারী। অপর মার্কিন নাগরিক মনির হায়দার হয়েছেন সিনিয়র সচিব মর্যাদার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। যুগ্ম সচিব পদমর্যাদায় ড. ইউনূসের ব্যক্তিগত সচিব হয়েছেন মার্কিন নাগরিক সজীব এম খায়রুল ইসলাম। এমনকি স্বয়ং ড. ইউনূসেরও আমেরিকা, ফ্রান্স, ইটালি ও জার্মান নাগরিকত্ব থাকার তথ্য রয়েছে।
অন্তর্বর্তী সরকারের গঠিত বিভিন্ন সংস্কার কমিশনেও বিদেশী নাগরিকদের জয়-জয়কার। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান হয়েছেন মার্কিন নাগরিক বদিউল আলম মজুমদার। অপর মার্কিন নাগরিক আলী রীয়াজ পেয়েছেন সংবিধান সংস্কার কমিশনের পদ। মিডিয়া সংস্কার কমিশের প্রধানের পদে বসেছেন ব্রিটিশ নাগরিক কামাল আহমেদ। অপর ব্রিটিশ নাগরিক মোশতাক আহমেদ খান পেয়েছেন দুর্নীতি দমক কমিশন সংস্কার বিষয়ক কমিশনের প্রধানের পদ।
ড. ইউনূস ক্ষমতারোহনের পর ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’ এর যে নজির স্থাপন করেছেন তা পৃথিবীর ইতিহাসেই বিরল। এমনকি সাংবিধানিক বিভিন্ন পদে বিদেশী নাগরিকদের বসিয়ে রাষ্ট্রকে তিনি রীতিমতো বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। এতোকিছুর পরেও যদি জনগণের বোধদয় না হয়, ড. ইউনূসের প্রকৃত রুপ বুঝতে না পারে, তাহলে তার চেয়ে দূর্ভাগ্য আর কিছুই হতে পারে না।
