অনির্বাচিত সরকার বাংলাদেশকে যুদ্ধ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে: আমীর খসরু

অনির্বাচিত সরকার বাংলাদেশকে যুদ্ধ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে: আমীর খসরু
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একটি অনির্বাচিত সরকার বাংলাদেশকে যুদ্ধ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে।

রাখাইন রাজ্যে ‘মানবিক করিডর’ তৈরির বিষয়ে সাবেক এই বাণিজ্যমন্ত্রী আরো বলেন, “আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে ঘিরে ষড়যন্ত্র চলছে। একটি অনির্বাচিত সরকার কোনো আলোচনা ছাড়াই এ ধরনের সিদ্ধান্ত নিচ্ছে। কোনো রাজনৈতিক দল বা নাগরিক সমাজকে কিছু জানানো হচ্ছে না। এতে মনে হয়, বাংলাদেশকে যেন একটি যুদ্ধ পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে।”

তিনি সংস্কার নিয়েও সরকারের সমালোচনা করেন।

তিনি বলেন, যারা অতীতে আন্দোলনের সময় মাঠে ছিল না, এখন তারাই সংস্কারের কথা বলছেন। এখন সেই মানুষগুলো গর্ত থেকে বের হয়ে আমাদের সংস্কার শেখাচ্ছে।”

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ডা. জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব মন্তব্য করেন। অনুষ্ঠানটির আয়োজন করে ভাসানী জনশক্তি পার্টি ও ভাসানী অনুসারী পরিষদ।

প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু বলেন, “সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে যেসব কাজ প্রয়োজন, তার কিছুই আজ আমরা দেখতে পাচ্ছি না। বিএনপি অতীতে ২৭ দফা ও ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে। এরও আগে খালেদা জিয়া ‘ভিশন ২০৩০’–এ সংস্কারের রূপরেখা তুলে ধরেছিলেন। কাজেই সংস্কারের নতুন বুলি এখন আসল উদ্দেশ্য নয়।”

তিনি আরও বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে সংস্কার সম্ভব নয়। কারো একক সিদ্ধান্তে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হতে পারে না। জনগণের অংশগ্রহণ ও সম্মতির মাধ্যমেই সংস্কার হতে হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ।

Visited 13 times, 1 visit(s) today