শেকৃবিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ

শেকৃবিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক::

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের টিচার্স ক্লাবে ছাত্রদলের আয়োজিত এক অনুষ্ঠানকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টর ও ছাত্রপরামর্শকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলাকালে দুই গ্রুপের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আহমেদুল কবির তাপস ও সাধারণ সম্পাদক আলমগীর কবিরের নেতৃত্বাধীন একটি গ্রুপ উপস্থিত থাকলে, পরে সেখানে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ, সিনিয়র সহ-সভাপতি মো. তারিফুল ইসলাম তারিফ ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফরহাদ হোসেনের নেতৃত্বাধীন আরেকটি গ্রুপ এসে যোগ দিলে উত্তেজনার সূচনা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধে সামাদ-তারিফ-ফরহাদ গ্রুপ ঘটনাস্থল ত্যাগ করলেও, রাত ৯টা ১৫ মিনিটের দিকে সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বাধীন গ্রুপ একটি মিছিল বের করে, যা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটে গিয়ে শেষ হয়। এ সময় কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দে ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অন্যদিকে, প্রতিপক্ষ গ্রুপটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অবস্থান নেয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, তাদের হাতে লাঠি ও রড সদৃশ বস্তু দেখা গেছে।

ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী ও সহকারী প্রক্টরগণ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। প্রক্টর বলেন, “অনুষ্ঠানে একটি গ্রুপ অন্য গ্রুপকে বাধা দেয়ার কারণে এ সংঘর্ষের সৃষ্টি হয়। বিস্ফোরণের সময় আমি উপস্থিত ছিলাম না, তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বহিরাগতদের উপস্থিতির খবর পাওয়ার পর ক্যাম্পাসের প্রধান গেটগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।”

Visited 29 times, 1 visit(s) today