মামুনুল হকের হুমকি: কোরান-সুন্নাহবিরোধী সিদ্ধান্ত নিলে ইউনূসকে ডাস্টবিনে ফেলা হবে

মামুনুল হকের হুমকি: কোরান-সুন্নাহবিরোধী সিদ্ধান্ত নিলে ইউনূসকে ডাস্টবিনে ফেলা হবে
শেয়ার করুন

ব্যুরো প্রধান, ফেনী

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, পিণ্ডির শিকল মুক্ত হয়ে আমরা দিল্লির জালে আবদ্ধ হয়েছিলাম, এবার দিল্লির জাল ছিঁড়ে আবার মার্কিন কলোনি হতে চাই না। সরকার কোন প্রভুর নির্দেশে তথাকথিত নারী সংস্কার কমিশনের পরামর্শে শেরেকি মতবাদ ও কোরান-সুন্নাহবিরোধী কোনো সিদ্ধান্ত নিলে ড. ইউনূসের সরকারকে ফ্যাসিষ্টের মতই ডাস্টবিনে নিক্ষেপ করা হবে। এই বিতর্কিত নারী কমিশন বাতিল না করলে কঠোর আন্দোলনে যাবে খেলাফত মজলিস।

আজ ২৪শে এপ্রিল, বৃহষ্পতিবার বিকালে ফেনী শহিদ মিনারে খেলাফত মজলিসের এক জনসভায় তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারকে এনজিও নির্ভর সরকার উল্লেখ করে তিনি বলেন, কোন অজুহাতে কালক্ষেপণ নয়, গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসাথে চলতে হবে। আগামী দিনে কোরআনের আইন বাংলার জমিনে কায়েম করার জন্য ইসলামি দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে।

জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে ফ্যাসিবাদবিরোধি সকল দলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।

খেলাফত মজলিসের ফেনী জেলা সভাপতি মাও. জসিম উদ্দিন’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, খেলাফত মজলিসের নায়েবে আমির আফজালুর রহমান, মহাসচিব মাও. জালালুদ্দীন আহমেদ, ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. ইয়াকুব নবী ও জেলা জামায়াতে ইসলামীর আমির মুফতি আবদুল হান্নান প্রমূখ।

সভায় জেলার সকল ইউনিটের খেলাফত মজলিস ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Visited 65 times, 1 visit(s) today