বেঞ্চে বসা নিয়ে ঝগড়া, ৯ম শ্রেণির ছাত্রের ছুরিকাঘাতে গুরুতর আহত দুই সহপাঠী

বেঞ্চে বসা নিয়ে ঝগড়া, ৯ম শ্রেণির ছাত্রের ছুরিকাঘাতে গুরুতর আহত দুই সহপাঠী
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

ঢাকার দোহার উপজেলার লটাখোলা উচ্চ বিদ্যালয়ে ক্লাসের বেঞ্চে বসাকে কেন্দ্র করে ঝগড়ার জেরে নবম শ্রেণির এক ছাত্র তার দুই সহপাঠীকে ছুরিকাঘাত করেছে।

আজ সোমবার সকাল ১০টার কিছু পরে ঘটে যাওয়া এই ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন এবং তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা যায়, সকাল ৮টার দিকে বিদ্যালয়ের শিক্ষক মো. রনি পাশের একটি বাড়িতে নবম শ্রেণির কয়েকজন শিক্ষার্থীকে কোচিং করাচ্ছিলেন। সেখানে বেঞ্চে বসা নিয়ে মশিউর নামের এক শিক্ষার্থীর সঙ্গে রাব্বি ও ইউসুফের তর্ক হয়। এরপর সকাল ১০টার দিকে বিদ্যালয়ে ফিরে ক্লাসে আবারও সেই বেঞ্চে বসা নিয়ে নতুন করে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মশিউর তার ব্যাগে থাকা ছুরি বের করে রাব্বি ও ইউসুফকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।

ছুরিকাঘাতে আহত দুই ছাত্র মেঝেতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে মশিউর পালিয়ে যায়। পরে শিক্ষার্থী ও শিক্ষকরা আহতদের উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আশরাফুল আলম জানান, রাব্বির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইউসুফ স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেন্দ্র কুমার মন্ডল বলেন, “ঘটনার সূত্রপাত কোচিং থেকে হলেও এটি অত্যন্ত দুঃখজনক এবং শিক্ষাপ্রতিষ্ঠানে এমন কিছু একেবারেই কাম্য নয়।”

তিনি জানান, শিক্ষকেরা এবং পরিচালনা পরিষদ মিলে বিষয়টি নিয়ে জরুরি বৈঠকে বসবেন এবং প্রয়োজনে পুলিশি তদন্তের পাশাপাশি প্রতিষ্ঠানিক ব্যবস্থাও নেওয়া হবে।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, “ঘটনার খবর পাওয়ার পরই আমরা বিদ্যালয়ে উপস্থিত হয়েছি। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Visited 51 times, 1 visit(s) today