আজ স্বামীর প্রশংসা করার দিন, যেভাবে দিবসটি উদযাপন করতে পারেন

আজ স্বামীর প্রশংসা করার দিন, যেভাবে দিবসটি উদযাপন করতে পারেন
শেয়ার করুন

সংসার শুধু রমনীর গুণে সুখের হয় না। সময় বদলেছে, বদলেছে মানুষের চিন্তাভাবনাও। এখন “সংসার সুখের হয় স্বামী-স্ত্রী দুজনের সম্মিলিত চেষ্টায়”। একে অপরকে সম্মান, ভালোবাসা ও সমঝোতার মাধ্যমে যে কোনো সম্পর্কই হয়ে ওঠে আরও দৃঢ় ও সুন্দর।

এপ্রিল মাসের তৃতীয় শনিবারটি তাই একটু আলাদা করে স্বামীদের জন্য রাখা হয়েছে। দিনটির নাম Husband Appreciation Day, বাংলায় বললে, স্বামীর প্রশংসা দিবস। আজ সেই বিশেষ দিন।

এই দিনটি মূলত স্বামীর অবদান ও ত্যাগকে সম্মান জানানোর জন্য উৎসর্গ করা হয়েছে। যদিও এর সূচনা কখন, কোথায় হয়েছিল, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই, তবে ধারণাটা চমৎকার— একটি দিন যেখানে স্ত্রী স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আমরা সবাই জানি, প্রশংসা মানুষকে অনুপ্রাণিত করে। কঠিন পরিশ্রম, দায়িত্বশীলতা কিংবা নীরব ত্যাগ— এসব কিছুই অনেক সময় অগোচরেই থেকে যায়। আজকের দিনটি সেই সব ছোট ছোট কাজগুলোর কৃতজ্ঞ স্বীকৃতি জানানোর এক দারুণ সুযোগ।

তবে প্রশ্ন আসতেই পারে, এই দিনটি উদযাপন করবেন কীভাবে? উপায় খুব সাধারণ, কিন্তু প্রভাব অসাধারণ হতে পারে।

  • আপনি চাইলেই একটি ছোট চিঠি, একটি হাতের লেখা নোট, বা একটি রঙিন কাগজে কিছু আন্তরিক শব্দ লিখে দিতে পারেন।
  • স্বামীর প্রিয় কোনো খাবার রান্না করে তাকে সারপ্রাইজ করতে পারেন, অথবা বাইরে তার পছন্দের কোনো রেস্টুরেন্টে খেতে নিয়ে যেতে পারেন।
  • দিনটিকে আরও স্পেশাল করতে পারেন দুজন মিলে সময় কাটিয়ে, পুরোনো স্মৃতির অ্যালবাম খুলে বসে বা একসাথে পছন্দের কোনো সিনেমা দেখে।

এই ছোট ছোট মুহূর্তগুলোই হয়ে উঠতে পারে সম্পর্কের বড় শক্তি।

তবে মনে রাখতে হবে, ভালোবাসা বা কৃতজ্ঞতা প্রকাশ শুধু একদিনের নয়। তবুও বিশেষ দিনগুলো আমাদের মনে করিয়ে দেয়—প্রিয় মানুষটিকে একটু ধন্যবাদ জানানো, একটু উৎসাহ দেওয়া কতটা জরুরি।

আর যারা ভাবছেন, স্বামীর প্রশংসার দিন আছে, স্ত্রীর জন্য কি কিছু নেই? নিশ্চিন্তে অপেক্ষা করুন, কারণ সেপ্টেম্বরের তৃতীয় শনিবার উদযাপন করা হয় Wife Appreciation Day—অর্থাৎ স্ত্রী সমাদর দিবস।

তাই আজ যদি ভালোবাসা দিয়ে শুরু করেন, সে ভালোবাসা আরও গভীর হয়ে ফিরবেই।

Visited 454 times, 1 visit(s) today