ডেসটিনির ‘বাটপার’ রফিকের রাজনৈতিক দল গঠন, বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা

ডেসটিনির ‘বাটপার’ রফিকের রাজনৈতিক দল গঠন, বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ১৭ই এপ্রিল, ২০২৫

ডেসটিনির ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা রফিকুল আমীনের নতুন রাজনৈতিক দল “বাংলাদেশ আ-আম জনতা পার্টি”র নিবন্ধন না দেওয়ার দাবিতে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।

১৭ই এপ্রিল, বৃহস্পতিবার আয়োজিত এই কর্মসূচিতে তারা রফিকুল আমীনের বিরুদ্ধে স্লোগান দেন এবং তাদের বিনিয়োগের অর্থ দ্রুত ফেরতের দাবি জানান।

বিনিয়োগকারীরা বলেন, দীর্ঘদিন ধরে প্রতারিত হয়ে অপেক্ষায় থাকা হাজার হাজার মানুষের টাকা ফেরত না দিয়ে নতুন দল গঠন করার উদ্যোগ গ্রহণ করে বাটপার রফিকুল আমীন বিনিয়োগকারীদের সঙ্গে তামাশা করছেন।

তারা এটিকে একধরনের প্রহসন ও অন্যায়ের বৈধতা দেওয়ার প্রচেষ্টা হিসেবে দেখছেন।

ট্রি প্রজেক্টে বিনিয়োগ করে প্রতারণার শিকার আবুল কালাম নামের এক ভুক্তভোগী বলেন, ভেবেছিলাম ইউনূস সাহেব এই বাটপারকে আরও কঠোর সাজা দিয়ে তার কাছ থেকে আমাদের টাকা উদ্ধার করে দিবেন। কিন্তু এখন দেখছি চোরে-চোরে মাসতুতো ভাই। বাটপার রফিক জেল থেকে বেরিয়ে গেছে, টাকা তো ফেরত পেলামই না, উল্টো এখন ইউনূস সরকারে সমর্থনে নতুন দল খুলছেন।

তিনি বলেন, এবার দলে পদ-পদবী বিক্রি করে আরেক ধান্দাবাজি করবে এই বদমাশ রফিকুল আমীন।

ভুক্তভোগী মেজবাহ উদ্দিন জানান, তিনি ২০১১ সালে ডেসটিনিতে ৫ লাখ টাকা বিনিয়োগ করেছিলেন, যা আজও ফেরত পাননি।

তিনি বলেন, “বাটপার রফিকুল আমীন আমার টাকা আত্মসাৎ করেছেন। কোম্পানি বন্ধ করে আমাদের টাকা মেরে এখন কোটি কোটি টাকা খরচ করে পাঁচতারকা হোটেলে নতুন দল ঘোষণা করছেন। এটা আমাদের সঙ্গে তামাশা, এটা মানি না, মানবো না।”

একইভাবে মো. সাইফ উল্লাহ নামের আরেক বিনিয়োগকারী বলেন, তিনি ২০১০ সালে ৫০ হাজার টাকা বিনিয়োগ করেছিলেন, যা এখনো ফেরত পাননি।

তিনি প্রশ্ন তোলেন, “আমাদের টাকা না দিয়ে নতুন দল গঠনের মানে কী? আমরা এসব বাটপারির তীব্র প্রতিবাদ জানাই।”

এর আগে বৃহস্পতিবার সকালে “বাংলাদেশ আ-আম জনতা পার্টি” আত্মপ্রকাশ করে। দলের পক্ষ থেকে জনগণের ন্যায্য অধিকার, আইনের শাসন ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠার কথা বলা হলেও, দলটির আহ্বায়ক হিসেবে রফিকুল আমীনের নাম ঘোষণায় নতুন করে ক্ষোভ প্রকাশ করেন বিনিয়োগকারীরা।

Visited 46 times, 1 visit(s) today