ভারত-নির্ভরতা কেবলই বাড়ছে, এলো আরও ১০,৮৫০ মেট্রিক টন চাল

ভারত-নির্ভরতা কেবলই বাড়ছে, এলো আরও ১০,৮৫০ মেট্রিক টন চাল
শেয়ার করুন
অর্থনীতি

অন্তর্বর্তী সরকার ক্ষমতারোহনের পরই ভারত-নির্ভরতা কমানোর হুঁশিয়ারি দিয়েছিল। কিন্তু কাগজেকলমে চিত্র ভিন্ন। ক্রমশ ভারত থেকে পণ্য আমদানির মাত্রা বাড়ছেই।

এবার আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে আমদানিকৃত ১০,৮৫০ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমভি এইচটি ইউনাইট জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

৩রা এপ্রিল, বৃহস্পতিবার খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে।

উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে মোট ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্তের অংশ হিসেবে ৯টি প্যাকেজে ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন চালের আমদানি চুক্তি সম্পন্ন হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৩ লাখ ৬,৭৬৯ মেট্রিক টন চাল দেশে পৌঁছেছে।

এমভি এইচটি ইউনাইট জাহাজে আসা চালের নমুনা পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে এবং দ্রুত খালাসের প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ১৮ই মার্চ সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে দেশে খাদ্যের মজুত বৃদ্ধিতে ভারত থেকে আরও ৫০ হাজার টন নন বাসমতি সিদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এতে ব্যয় হচ্ছে ২ কোটি ১৪ লাখ ৭৭ হাজার ৫০০ মার্কিন ডলার।

জানা যায়, খাদ্য মন্ত্রণালয় থেকে ২০২৪-২৫ অর্থবছরের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল আমদানির প্রস্তাব উপস্থাপন করা হলে উপদেষ্টা পরিষদ কমিটি তা পর্যালোচনা করে অনুমোদন দেয়।

ভারতের এস পাত্তাভী অ্যাগ্রো ফুডস প্রাইভেট লিমিটেড থেকে এই চাল আনা হবে। প্রতি মেট্রিক টন চালের দাম ধরা হয়েছে ৪২৯.৫৫ মার্কিন ডলার। সে হিসাবে ৫০ হাজার টন চালের দাম পড়বে ২ কোটি ১৪ লাখ ৭৭ হাজার ৫০০ ডলার।

এর আগে, গত ২০শে ফেব্রুয়ারি খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল আমদানির প্রস্তাব উপস্থাপন করা হলে উপদেষ্টা পরিষদ কমিটি তা পর্যালোচনা করে অনুমোদন দেয়। ভারতের এমএস বগাদিয়া ব্রাদার্স প্রাইভেট থেকে এই চাল আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সেসময় প্রতি কেজি চালের মূল্য ধরা হয় ৫৩.২ পয়সা। আর প্রতি মেট্রিক টন চালের মূল্য ৪৩৪.৫৫ মার্কিন ডলার ধরা হয়। এতে ৫০ হাজার টন চাল আমদানিতে মোট ব্যয় ধরা হয় ২ কোটি ১৭ লাখ ২৭ হাজার ৫০০ ডলার।

জানা গেছে, চলতি অর্থবছরে চালের মোট চাহিদা ৩৯.৭৮ লাখ মেট্রিক টন। এর মধ্যে আন্তর্জাতিক উৎস থেকে সংগ্রহের লক্ষ্যমাত্রা ৯ লাখ মেট্রিক টন। এরই মধ্যে ৬.৫০ মেট্রিক টন ক্রয় চুক্তি সম্পাদন হয়েছে।

Visited 43 times, 1 visit(s) today