সোমবার বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচের মধ্যেই অসুস্থ হয়ে পড়া তামিম ইকবাল হার্টে ব্লক ধরা পড়ে, এরপর জরুরি ভিত্তিতে তার হার্টে বসানো হয় স্টেন্ট। আপাতত পর্যবেক্ষণে থাকা সাবেক এই অধিনায়কের জ্ঞান ফিরেছে। তার জন্য সাভারের কেপিজে শেখ ফজিলাতুন্নেসা হাসপাতালে ভিড় করেছেন সমর্থকরা। বিসিবি সেখানে ভিড় না করার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে।
সোমবার সকালে সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচের আগে টস করলেও অসুস্থ হয়ে পড়েন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম।
প্রচণ্ড বুকে ব্যথা নিয়ে স্থানীয় হাসপাতালে যান তিনি, একবার কিছুটা সুস্থ অনুভব করলে পরে পরিস্থিতি হয়ে যায় বেগতিক। তাকে ২০ মিনিট ধরে সিপিআর দিতে দিতে নেওয়া হয় হাসপাতালে। এনজিওগ্রামে হার্টে একটি ব্লক ধরা পড়লে দ্রুততার সঙ্গে বসানো হয় স্টেন্ট।
এরপর ৪৮ ঘন্টার জন্য পর্যবেক্ষণে রাখা হয় এই ওপেনারকে। সোমবার দুপুরে কেপিজি হাসপাতালের মিডিয়া পরিচালক ড. রাজীব হাসান এক ব্রিফিংয়ে বলেন, ‘আমরা সবাই জানি তামিম ইকবাল ভাই আজ সকাল বেলা অসুস্থ হয়েছিলেন। ৯টা-সাড়ে ৯টার দিকে বিকেএসপিতে অসুস্থ হন। এখানে নিয়ে আসার পর চিকিৎসা শুরু হয়। পরবর্তীতে আমরা চিন্তা করি ঢাকায় নিয়ে যাওয়া যাবে কিনা। কিন্তু উনার অবস্থা গুরুতর হয়ে যায়, এই গুরুতর অবস্থায় আবার আমাদের কাছে আসেন। গুরুতর অবস্থা থেকে যত রকম চিকিৎসা দরকার সবই করা হয়েছে। আল্লাহর রহমতে উনার অবস্থা অনুকূলে আছে।’
তিনি যোগ করেন, ‘উনার একটা হার্ট অ্যাটাক হয়েছে, এটার জন্য এনজিওগ্রাম করে এনজিওপ্লাস্টি ও স্টেন্ট করা হয়েছে। স্টেন্টিং খুব স্মুথ ও কার্যকরভাবে হয়েছে। এটা করেছেন ডা. মনিরুজ্জামান মারুফ। উনার ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন। এখনো উনি পর্যবেক্ষণে আছে, গুরুতর অবস্থা এখনো কাটেনি। এটা একটু সময় লাগবে। সবাই উনার জন্য প্রাণপণ চেষ্টা করছি।’
