পিরোজপুর প্রতিনিধি
বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে অনুষ্ঠিত পাবলিক পরীক্ষায় অকৃতকার্য হন পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান।
গত নভেম্বরে অনুষ্ঠিত পরীক্ষার ফল ১১ই মার্চ প্রকাশিত হয়। এতে তিনি একটি বিষয়ে অকৃতকার্য হন।
ইনচার্জ হিন্দু ধর্মাবলম্বী হওয়ায় তাকে আওয়ামী লীগের ‘দোসর’ ট্যাগ দিয়ে এ মামলা করার কথা বলছেন বৈষম্যবিরোধী ছাত্র (বৈছা) আন্দোলনের সমন্বয়ক এই শিক্ষার্থী।
জানা যায়, গত বছরের জুলাই-আগস্টে সরকারবিরোধী আন্দোলনের সময় নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আন্দোলনে সম্পৃক্ত করেন তিনি। সেই দাপট এখনও দেখিয়ে যাচ্ছেন মিজানুর, এমন অভিযোগ অপর শিক্ষার্থীদের।
মিজানুর রহমান সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বাসিন্দা।
সূত্র জানায়, গত ১১ই মার্চ প্রকাশিত পরীক্ষার ফলাফলে এক বিষয়ে অকৃতকার্য হন মিজানুর রহমান। পরে তিনি প্রভাবশালী নার্স নেতা, কেন্দ্রীয় সমন্বয়ক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মাধ্যমে নার্সিং ইনস্টিটিউটের কর্তৃপক্ষকে পাস করিয়ে দিতে চাপ দেন। এতেও কাজ না হলে ইনচার্জ বেবী রায়ের বিরুদ্ধে মামলার হুমকি দেন।
মিজানুরের সহপাঠীরা নাম প্রকাশ না করার শর্তে জানান, মিজান গত ৫ই আগস্টের পর তার সমন্বয়ক পদ ব্যবহার করে ক্যাম্পাসে রাজত্ব শুরু করেছেন।
শিক্ষার্থীরা বলেন, পরীক্ষায় ফেল করে ইনস্ট্রাক্টরদের হয়রানি করছেন। পড়ালেখায় পাস-ফেল তো থাকবেই। এটা কেন মানতে পারবেন না? এখানেও কেন সমন্বয়কের প্রভাব দেখাতে হবে? অবিলম্বে তাকে বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করা উচিত। তার মত সমন্বয়কদের কারণে লোকে এখন আন্দোলনকারী শুনলেই কটূ কথা বলে আমাদেরকে।
ভর্তি হওয়ার পর থেকেই মিজান ক্লাসে খুব অমনোযোগী ছিলেন বলে জানান ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর সাজেদা খানম। তিনি বলেন, “প্রথম বছরে এক বিষয়ে ফেল করে মিজান। তখন বিষয়টি নিয়ে তেমন ঝামেলা করেনি। এবারে ফেল করে নানাভাবে আমাদের হয়রানি করছে। বিষয়টি নিয়ে ইনস্ট্রাক্টরসহ শিক্ষার্থীরা বিব্রত। কিছুদিন পরই আবার পরীক্ষা, এতেও অংশ নেওয়ার সুযোগ আছে। কিন্তু তার উগ্রতাপূর্ণ আচরণে খুবই কষ্ট পেয়েছি।”
অপর ইনস্ট্রাক্টর প্রভা রানী বড়াল বলেন, “যে বিষয়ে ফেল করেছে সে বিষয়ের পরীক্ষা আমাদের কোনো শিক্ষক নেননি। ওই বিষয়ে বাইরে থেকে শিক্ষক নিয়োগ দেওয়া হয়। আমরা শিক্ষক হিসেবে কখনই চাই না, কোনো শিক্ষার্থী ফেল করুক। তবু নানাজনকে দিয়ে ফোন করিয়ে হুমকি দিয়েছে সে।”
নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ বেবী রায় বলেন, “মিজানুর রহমান ৫ই আগস্টের পর থেকে প্রভাব খাটিয়ে চলেছে। কোনো অদৃশ্য হাত তার পেছনে কাজ করছে। পরীক্ষার আগে মিজান দলবলসহ এসে হল ছেড়ে দেওয়াসহ তাকে পাস করানোর দাবি জানিয়ে হুমকি দেয়। পরে পরীক্ষায় ফেল করলে আমার নামে মিথ্যাচার করে। আমাকে মামলাসহ বিভিন্ন রকম হুমকি দিচ্ছে। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা এর বিচার চাই।”
তবে এসব অভিযোগ অস্বীকার করেন মিজানুর রহমান। তার ভাষ্য, “তারা আমার শিক্ষক। তাদের বিরুদ্ধে মামলা করা তো দূরের কথা, কোনো খারাপ কথাও আমি বলিনি। এর বাইরে আর কিছু বলার নেই।”
