রিকশাচালকরা রাজুতে, রাজনৈতিক কর্মসূচিতে দাওয়াত না পাওয়ায় বিক্ষোভ

রিকশাচালকরা রাজুতে, রাজনৈতিক কর্মসূচিতে দাওয়াত না পাওয়ায় বিক্ষোভ
শেয়ার করুন
ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন একদল রিকশাচালক।

তাদের অভিযোগ, বিভিন্ন রাজনৈতিক দল নানা কর্মসূচি ও আন্দোলন করলেও রিকশাচালকদের সেখানে আমন্ত্রণ জানানো হয় না, তাদের মতামত শোনা হয় না। তারা রিকশাখাতকে সংস্কারের আওতায় আনার জোর দাবি জানান।

১৯শে মার্চ, বুধবার সন্ধ্যায় তারা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে এসব দাবি তুলে ধরেন।

রিকশাচালকদের বক্তব্য, “ঢাকার বড় বড় হোটেলে রাজনৈতিক নেতারা সভা-সমাবেশ করেন, নানা ধরনের আলোচনা করেন, কিন্তু কখনোই সেখানে রিকশাচালকদের কথা বলা হয় না। অথচ আমরা এই শহরের অবিচ্ছেদ্য অংশ, আমাদের দুঃখ-কষ্টের কোনো মূল্য দেওয়া হয় না।”

তারা আরও বলেন, “রিকশাখাতকে সংস্কারের আওতায় আনতে হবে এবং আমাদের উচ্চ সুদের কিস্তির ফাঁদ থেকে মুক্তি দিয়ে সরকারি ঋণের সুযোগ দিতে হবে। সমাজের সবচেয়ে বড় বৈষম্যের শিকার আমরা, অথচ কেউ আমাদের কথা শোনে না।”

বিক্ষোভে অংশ নেওয়া চালকরা আরও বলেন, “আমরা দিন-রাত রাস্তায় থাকি, শহরের সব কষ্ট দেখি, কিন্তু আমাদের কষ্ট কেউ দেখে না। নেতা-মন্ত্রীদের গাড়ির পাশে আমরা থাকি, কিন্তু আমাদের জন্য কোনো ব্যবস্থা নেই।”

তারা রিকশাচালকদের জীবনমান উন্নয়নে বিশেষ নীতি প্রণয়নের দাবি জানান। পাশাপাশি, সরকারি ঋণের আওতায় এনে তাদের উচ্চ সুদের কিস্তির দুষ্টচক্র থেকে মুক্ত করার আহ্বান জানান।

Visited 50 times, 1 visit(s) today