কিশোরগঞ্জ আইনজীবী সমিতির ১৪ পদে সভাপতিসহ ১০টিতে জয়ী আওয়ামী লীগ

কিশোরগঞ্জ আইনজীবী সমিতির ১৪ পদে সভাপতিসহ ১০টিতে জয়ী আওয়ামী লীগ
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতিসহ ১০টি পদে জয় পেয়েছেন আওয়ামী লীগ–সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা। আর সাধারণ সম্পাদসহ চারটি পদে জয়লাভ করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থীরা।

জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সোমবার সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। গণনা শেষে রাত সোয়া ১১টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনার আইনজীবী শেখ ফারুক আহম্মদ বলেন, বিপুল উৎসাহ–উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা ভোট দিয়েছেন। নির্বাচনে মোট ৫৮১ জন ভোটারের মধ্যে ৫৪২ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে ১৪টি পদে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে তিনজন, সহসভাপতির দুটি পদে তিনজন, সাধারণ সম্পাদক পদে দুজন, সহসাধারণ সম্পাদকের দুটি পদে চারজন, লাইব্রেরি সম্পাদকের একটি পদে দুজন, সাংস্কৃতিক সম্পাদকের একটি পদে দুজন, অডিটরের একটি পদে একজন এবং পাঁচটি সদস্য পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করেন।

সভাপতি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত শহিদুল আলম ৩২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত জালাল মো. গাউস পেয়েছেন ১৮৮ ভোট। অপরদিকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত আমিনুল ইসলাম ওরফে রতন। তিনি পেয়েছেন ৩০০ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিরোধী পরিষদের এ এফ এম বজলে কাদের পেয়েছেন ২৩৬ ভোট।

সহসভাপতির দুটি পদেই জয়লাভ করেছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত মুফতি মো. জাকির খান ও নবী হোসেন। সহসাধারণ সম্পাদকের দুটি পদের মধ্যে প্রথম বিজয়ী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জসিম উদ্দিন এবং দ্বিতীয় বিজয়ী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও আইনজীবী সমন্বয় পরিষদের সাইদুর রহমান।

লাইব্রেরি সম্পাদক পদে বিজয়ী হয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও আইনজীবী সমন্বয় পরিষদের মোহাম্মদ আবু সাঈম। সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হওয়া সাইফুল ইসলামও পরিষদের প্রার্থী। অডিটর পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন পরিষদের বঙ্গবন্ধু পরিষদ মনোনীত প্রার্থী আবু সাদাত।

পাঁচটি সদস্য পদের মধ্যে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও আইনজীবী সমন্বয় পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন তিনজন। তারা হলেন জাকির হোসেন, শাহরিয়ার কবির ও আল-আমীন (করিমগঞ্জ)। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে নির্বাচিত দুই সদস্য হলেন শাখাওয়াত হোসেন ও মোহাম্মদ আবদুল্লাহ আল বোখারী।

Visited 138 times, 1 visit(s) today