দশম-একাদশ নির্বাচনে দায়িত্বে থাকা ২২ সচিব-অতিরিক্ত সচিবের পাসপোর্ট বাতিল-ওএসডি

দশম-একাদশ নির্বাচনে দায়িত্বে থাকা ২২ সচিব-অতিরিক্ত সচিবের পাসপোর্ট বাতিল-ওএসডি
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সরকারের অধীনে ২০১৪ ও ২০১৮ সালে নির্বাচনী দায়িত্ব পালন করার ‘অপরাধে’ কয়েকজন সচিব ও অতিরিক্ত সচিবের পাসপোর্ট বাতিল করা হয়েছে।

পাসপোর্ট বাতিল হওয়া সরকারি কর্মকর্তারা সেসময় দেশের বিভিন্ন জেলায় জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বলে জানা গেছে।

এর আগে, গত ২৫শে ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাসপোর্ট অধিদপ্তরে সংশ্লিষ্টদের পাসপোর্ট বাতিলের জন্য চিঠি পাঠানো হয়। সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব কাজী আরিফুর রহমান এতে স্বাক্ষর করেন।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ পাসপোর্ট অর্ডার ১৯৭৩ এর ৭ (২)(সি) নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ২২ জন বাংলাদেশি নাগরিকের পাসপোর্ট বাতিল করা হয়েছে এবং তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

জানা গেছে, এই কর্মকর্তাদের অনেককে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে, আবার অনেককেই বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি করা হয়েছে। এর ধারাবাহিকতায় তাদের পাসপোর্ট বাতিল করে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

প্রথম দফায় ২২ কর্মকর্তার পাসপোর্ট বাতিল করা হয়েছে। তারা হলেন:

সাবেক সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, আবু হেনা মোরশেদ জামান, কামরুল হাসান, অতিরিক্ত সচিব হামিদুল হক, মোহাম্মদ শফিউল আরিফ, মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, ওয়াহিদুল ইসলাম, এসএম আলম, এনামুল হাবিব, শওকত আলী, রাব্বি মিয়া, ফয়েজ আহমেদ, উম্মে সালমা তানজিয়া, সুভাস চন্দ্র বিশ্বাস, দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, মোহাম্মদ মাসুদ করিম, কামরুন নাহারা সিদ্দিকা, আবু সালেহ মোহাম্মদ ফেরদাওস খান, তোফায়েল ইসলাম, আহমেদ কবির, সায়লা ফারজানা এবং তন্ময় দাস।

পাসপোর্ট বাতিল হওয়া কর্মকর্তাদের মধ্যে আহমেদ কবির জামালপুরে, মোখলেসুর রহমান গোপালগঞ্জে, হামিদুল হক ঝালকাঠি, ওয়াহিদুল ইসলাম মাদারিপুর, আবু সালেহ মোহাম্মদ ফেরদাউস খান মানিকগঞ্জ, সুভাস চন্দ্র বিশ্বাস ময়মনসিংহ, রাব্বি মিয়া নারায়ণগঞ্জ, ফয়েজ আহাম্মদ বগুড়া, সায়লা ফারজানা মুন্সীগঞ্জ, উম্মে সালমা তানজিয়া ফরিদপুর, দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির গাজীপুরে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

তাদের দায়িত্বকালীন সময়ে এসব জেলায় অনুষ্ঠিত ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল বিরোধী দলগুলো।

অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীলদের দাবি, পাসপোর্ট বাতিল হওয়া কর্মকর্তাদের বেশিরভাগই আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন ছিলেন এবং ওই নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্বে পালন করে সরকারের এজেন্ডা বাস্তবায়ন করেছেন।

Visited 65 times, 1 visit(s) today