পেন্টাগনের বিলিয়ন বিলিয়ন ডলার জালিয়াতি ও অপচয় রুখতে পরিকল্পনা ট্রাম্পের

পেন্টাগনের বিলিয়ন বিলিয়ন ডলার জালিয়াতি ও অপচয় রুখতে পরিকল্পনা ট্রাম্পের
শেয়ার করুন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনে হওয়া জালিয়াতি ও অপচয় বন্ধ করে বিপুল পরিমাণ অর্থ সাশ্রয়ের আশাবাদ ব্যক্ত করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার স্থানীয় সময় সকালে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পেন্টাগনের হিসাব নিরীক্ষার নেতৃত্ব দিতে যাওয়া ইলন মাস্ক বিপুল অংকের জালিয়াতি ও অপব্যবহারের ঘটনা চিহ্নিত করতে পারবেন বলে তিনি মনে করেন।

ট্রাম্প আরও বলেন, “আমি খুব শিগগিরই তাকে শিক্ষা মন্ত্রণালয়ের নিরীক্ষার দায়িত্ব দিতে যাচ্ছি, হয়তো ২৪ ঘণ্টার মধ্যেই। তারপর সামরিক বাহিনীর দিকে মনোযোগ দেব। এবার সামরিক বাহিনীকে নিরীক্ষা করা যাক।”

পেন্টাগনের বিশাল ব্যয়ের বিষয়ে তিনি বলেন, “আমরা শত শত কোটি, এমনকি হাজার হাজার কোটি ডলারের জালিয়াতি ও অপব্যবহারের ঘটনা খুঁজে বের করতে যাচ্ছি।”

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে পেন্টাগনের বার্ষিক বাজেট দ্রুত ১ লক্ষ কোটি ডলারের দিকে এগিয়ে যাচ্ছে। গত ডিসেম্বরে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৮ হাজার ৯৫০ কোটি ডলারের প্রতিরক্ষা ব্যয় অনুমোদন করেন।

হোয়াইট হাউজ জানিয়েছে, মাস্ককে একজন বিশেষ সরকারি কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং তাকে যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্মীবাহিনী হ্রাস করার উদ্যোগের নেতৃত্বের দায়িত্ব দিয়েছেন ট্রাম্প। এই উদ্যোগের অংশ হিসেবে, মাস্কের নেতৃত্বাধীন সরকারি দক্ষতা বিভাগের সহকারীরা বিভিন্ন সরকারি সংস্থার কম্পিউটার সিস্টেমে থাকা গোপনীয় তথ্যের প্রবেশাধিকার চাইছে।

তবে সমালোচকদের দাবি, এই উদ্যোগ বেআইনি হতে পারে এবং জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। কংগ্রেসের অনুমোদন ছাড়া এর ফলে পুরো সংস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে।

রোববার এনবিসি নিউজকে দেওয়া এক পৃথক সাক্ষাৎকারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ বলেন, পেন্টাগনের জাহাজ নির্মাণ প্রক্রিয়া মাস্কের সরকারি দক্ষতা বিভাগের বিশেষ নজরে রয়েছে, কারণ প্রতিরক্ষা মন্ত্রণালয় অপ্রয়োজনীয় প্রকল্পে পরিপূর্ণ।

তিনি আরও বলেন, “সেখানে সবকিছুর জন্য অতিরিক্ত ব্যয় হয়। প্রকল্পগুলোর বাস্তবায়নেও অনেক দেরি হয় এবং শেষ পর্যন্ত সামরিক বাহিনীর কাছে প্রয়োজনীয় সরবরাহ পৌঁছায় খুব কম।”

দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা পেন্টাগনের বাজেট ব্যবস্থাপনায় অদক্ষতা ও অপচয়ের সমালোচনা করে আসছেন। তবে ডেমোক্র্যাট ও সরকারি কর্মীদের ইউনিয়নগুলো মনে করে, পেন্টাগনকে পুনর্গঠনের মতো অভিজ্ঞতা মাস্কের দলের নেই। বরং তাদের কার্যক্রম গোপনীয় সামরিক প্রকল্পগুলোর নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে।

এদিকে, ইলন মাস্কের বিভিন্ন কোম্পানির সঙ্গে পেন্টাগনের বড় চুক্তি রয়েছে, যা স্বার্থের সংঘাতের বিষয়টি সামনে নিয়ে আসছে বলে রয়টার্স জানিয়েছে।

Visited 45 times, 1 visit(s) today