দিনাজপুর, জয়পুরহাটের পর রংপুরেও আক্রান্ত হলো নারীদের ফুটবল ম্যাচ। সেখানকার স্থানীয় ইসলামী আন্দোলন নামক সংগঠনের এক উগ্রবাদী নেতার হুমকিতে রংপুরের তারাগঞ্জে নারীদের ফুটবল ম্যাচ বন্ধ করে দিয়েছে প্রশাসন।
আজ (৬ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বিকেল ৩টায় বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে জয়পুরহাট ও রাজশাহী মেয়েদের ফুটবল দলের মধ্যে খেলা ছিলো। প্রতিবছরই বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ে আন্তঃজেলা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে।
এবার তা হতে দিল না সেখানকার প্রশাসন। ইসলামী আন্দোলন বাংলাদেশের তারাগঞ্জ উপজেলা সভাপতি আশরাফ আলী ম্যাচটি প্রতিহত করার ঘোষণা দিলে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করে ম্যাচটি বাতিল করে দেয়।
তারাগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল রানা এই খবর নিশ্চিত করেছেন।
আয়োজকদের একজন গণমাধ্যমকে বলেন, ‘ইসলামী আন্দোলনের নেতা বিনা কারণে খেলা বন্ধ করে দিলেন। খেলোয়াড়রা ফিরে গেছেন, মাঠ কড়া নিরাপত্তার আওতায় রয়েছে। প্রতিবছর এই ফুটবল প্রতিযোগিতা হয়। কিন্তু এবার প্রথমবারের মতো ধর্মীয় সংগঠনের বিরোধিতার মুখে ম্যাচ বন্ধ করা হলো।’
এর আগে গত ২৮ জানুয়ারি দিনাজপুর ও জয়পুরহাটে নারীদের দুটি ফুটবল ম্যাচ হামলা চালিয়ে বন্ধ করে দেওয়া হয়। ৩ ও ৫ ফেব্রুয়ারি পরে ম্যাচগুলো আবার আয়োজিত হয়েছিলো।
