শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায়, আদালতে সাংবাদিকদের ওপর বিএনপির হামলা

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায়, আদালতে সাংবাদিকদের ওপর বিএনপির হামলা
শেয়ার করুন
সংবাদ প্রতিবেদন

পাবনার ঈশ্বরদী রেলস্টেশনে শেখ হাসিনার ওপর বিএনপি কর্মীদের গুলি ও বোমা হামলায় হত্যাচেষ্টা মামলার রায় ঘোষণার পর সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে বিএনপির নেতাকর্মীরা।

এই হামলায় গুরুতর আহত হয়েছেন এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার জাবেদ আক্তার, যাকে পরবর্তীতে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়।

৫ই ফেব্রুয়ারি, বুধবার সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায় ঘোষণা হওয়ার পর বেলা ১২টার দিকে এই হামলা ঘটে। এ সময় আসামিপক্ষের আইনজীবীদের ব্রিফিংয়ের জন্য সাংবাদিকরা অ্যানেক্স ভবনের সামনে অপেক্ষা করছিলেন। হঠাৎ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিবের উপস্থিতিতে শতাধিক বিএনপি নেতাকর্মী হট্টগোল শুরু করেন। প্রতিবাদ জানালে, এক পর্যায়ে তারা সাংবাদিকদের ওপর হামলা চালায়।

পড়ুন: শেখ হাসিনার ওপর গুলি-বোমা হামলা, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ বিএনপি কর্মীর সবাই খালাস

ল’ রিপোর্টার্স ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি এবং এনটিভির স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ জানান, “পাবনার বিএনপির নেতাকর্মীরা হট্টগোল শুরু করলে এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার জাবেদ আক্তার এর প্রতিবাদ করেন। এর পর বিএনপির নেতাকর্মীরা তাকে মারধর শুরু করেন। আমি ও কয়েকজন তাকে উদ্ধার করতে গেলে আমাদের ওপরও হামলা হয়। হামলায় ১০ জন সাংবাদিক আহত হন।”

তিনি আরও বলেন, “হামলাকারীরা হাবিবুর রহমান হাবিবের অনুসারী। হামলার সময় হাবিব সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু তিনি হামলাকারীদের নিবৃত্ত করার কোনো চেষ্টা করেননি। পরে কায়সার কামাল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কিছু লোক তাকে আক্রমণ করার চেষ্টা করেছিল।”

এদিকে, ঘটনার প্রতিবাদে সাংবাদিকরা অ্যানেক্স চত্বরে বসে পড়েন এবং ব্রিফিং বর্জন করেন। তারা সুষ্ঠু বিচার এবং হামলাকারীদের চিহ্নিত করার দাবি জানান।

প্রসঙ্গত, ১৯৯৪ সালে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণ ও বোমা হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ বিএনপি কর্মীর সবাইকে আজ আদালত খালাস দিয়েছে।

Visited 46 times, 1 visit(s) today