চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অস্ট্রেলিয়া দলে জোড়া ধাক্কা

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অস্ট্রেলিয়া দলে জোড়া ধাক্কা
শেয়ার করুন

অস্ট্রেলিয়ার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরিকল্পনায় বড় ধাক্কা লেগেছে। খবর অনুযায়ী, অধিনায়ক প্যাট কামিন্স এবং গুরুত্বপূর্ণ পেসার জশ হ্যাজলউড সম্ভবত টুর্নামেন্ট থেকে ছিটকে যাচ্ছেন।

ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ইতিমধ্যেই অভিজ্ঞ অলরাউন্ডার মিচ মার্শকে ইনজুরির কারণে হারিয়েছে। কামিন্স এবং হ্যাজলউডের অনুপস্থিতি দলটিকে আরও ক্ষতিগ্রস্ত করতে পারে কারণ তারা ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান এবং দুবাইতে শুরু হতে যাওয়া এই আসরে তৃতীয়বারের মতন শিরোপা জিততে চাইছে।

কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বুধবার সর্বশেষ ইনজুরি নিয়ে আলোচনা করেছেন এবং অস্ট্রেলিয়ান কোচ জানিয়েছেন যে বর্তমান ওডিআই অধিনায়ক কামিন্সের অনুপস্থিতির কারণে তার নতুন অধিনায়কের প্রয়োজন হতে পারে, ‘প্যাট কামিন্স কোনো ধরনের বোলিং শুরু করতে পারেননি, তাই তার খেলার সম্ভাবনা খুবই কম, যার মানে আমাদের একজন অধিনায়কের প্রয়োজন।’

কামিন্স খেলতে না পারলে অধিনায়ক হিসেবে দুজনকে ভেবে রেখেছেন বলে জানান ম্যাকডোনাল্ড , ‘স্টিভ স্মিথ এবং ট্র্যাভিস হেড—এই দুজনের সঙ্গে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি দল গঠনের সময় কথা বলেছি। এই নেতৃত্বের পদের জন্য আমরা তাদের দুজনের দিকেই তাকাবো।’

‘তারা দুজনই স্পষ্টতই এগিয়ে আছে। শ্রীলঙ্কার বিপক্ষে (প্রথম) টেস্ট ম্যাচে স্টিভ দারুণ কাজ করেছে। পুরো ক্যারিয়ার জুড়েই সে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ভালো কাজ করেছে। তাই এই দুজনের মধ্যেই একজন হবে।’

‘তবে, যেমনটা বললাম, প্যাটির খেলার সম্ভাবনা খুবই কম, যা খুবই দুঃখজনক। জশ হ্যাজলউডও এই মুহূর্তে (ফিট হওয়ার জন্য) লড়াই করছেন। তাই আগামী কয়েক দিনের মধ্যে মেডিকেল সংক্রান্ত তথ্য আসবে এবং আমরা এটি নিশ্চিত করতে পারব এবং সবাইকে দিকনির্দেশনা জানাতে পারব।’

১২ ফেব্রুয়ারি পর্যন্ত আইসিসির অনুমতি ছাড়া ঘোষিত স্কোয়াডে বদল আনতে পারে দলগুলো। কামিন্স এবং হ্যাজলউড যদি শেষ পর্যন্ত মার্শের সঙ্গে সাইডলাইনে যোগ দেন, তাহলে অস্ট্রেলিয়াকে তিনজন নতুন খেলোয়াড়ের সন্ধান করতে হবে।

অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং সম্প্রতি দ্য আইসিসি রিভিউতে কথা বলার সময় মার্শের শূন্য পদের জন্য অভিষেকের অপেক্ষায় থাকা অলরাউন্ডার মিচ ওয়েনের নাম প্রস্তাব করেছেন। এছাড়া হ্যাজেলউড ও কামিন্সের বদলে শন অ্যাবট এবং স্পেন্সার জনসন পেস বিকল্প, যাদের বিবেচনা করা যেতে পারে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ বি-তে আফগানিস্তান, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে আছে অস্ট্রেলিয়া।

Visited 62 times, 1 visit(s) today