ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় কে, এ নিয়ে ভক্ত-সমর্থকদের মধ্যে নানা মুনির নানা মত রয়েছে। পেলে-দিয়াগো ম্যারাডোনার পর এই আলোচনায় উঠে আসে লিওনেল মেসির নাম। তবে বিশ্বকাপজয়ী এই তারকাদের ছাপিয়ে গিয়ে এবার নিজেকেই সর্বকালের সেরা ফুটবলার দাবি করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
সম্প্রতি স্প্যানিশ সাংবাদিক এডু আগুইরেকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো দৃঢ়ভাবে বলেন, তিনিই সর্বকালের সেরা ও সবচেয়ে পরিপূর্ণ ফুটবলার। তার মতে, ফুটবলীয় দক্ষতায় অন্য কারো সঙ্গে তার তুলনা হবে না, “আমিই সর্বকালের সেরা। আমিই গোট। আমি এটা বিশ্বাস করি। আমি দ্রুত, আমি শক্তিশালী, হেডে গোল করি, বাঁ পায়েও গোল করি—আমার চেয়ে সম্পূর্ণ খেলোয়াড় আর কেউ নেই,” বলেন রোনালদো।
তিনি আরও বলেন, “আমি এখনও পর্যন্ত সবচেয়ে পরিপূর্ণ ফুটবলার। মেসি, পেলে বা ম্যারাডোনাকে আপনারা পছন্দ করতেই পারেন, কিন্তু আমি ফুটবলের ইতিহাসে সবচেয়ে সম্পূর্ণ এবং শ্রেষ্ঠ। আমি এখনও আমার চেয়ে ভালো কাউকে দেখিনি।”
নিজের অসংখ্য গোলের কথা উল্লেখ করে রোনালদো বলেন, “আমি সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। আমি বাঁ পায়ের খেলোয়াড় নই, তবুও বাঁ পায়ে করা গোলের তালিকায় আমি সেরা দশে আছি। এসব পরিসংখ্যান প্রমাণ করে যে আমি ফুটবল ইতিহাসের সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়।”
সাক্ষাৎকারে রোনালদো তার ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলো স্মরণ করেন, বিশেষ করে সেই ক্লাবগুলোর কথা, যেখানে তিনি সবকিছু জিতেছেন এবং ক্যারিয়ারের সবচেয়ে সুখের সময় কাটিয়েছেন। মেসি ও বার্সেলোনার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতার কথাও উঠে আসে, যেখানে তিনি স্বীকার করেন যে ক্যাম্প ন্যুতে গোল করা সান্তিয়াগো বার্নাব্যুতে গোল করার চেয়েও বেশি উপভোগ করতেন।
“আমি সেই পরিবেশে দারুণ খেলতে পারতাম; দর্শকদের বিদ্রূপ আমাকে আরও বেশি অনুপ্রাণিত করত গোল করার জন্য এবং সমালোচকদের চুপ করিয়ে দেওয়ার জন্য। ক্যাম্প ন্যুতে গোল করাই আমার বেশি ভালো লাগত বার্নাব্যুর চেয়ে,” বলেন রোনালদো।
“পুরো সপ্তাহ জুড়ে উত্তেজনার এক ঝড় বয়ে যেত। এটি ছিল এক আইকনিক প্রতিদ্বন্দ্বিতা – রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা, ক্রিশ্চিয়ানো বনাম মেসি, রামোস বনাম পিকে। অসাধারণ ছিল সেই সময়। মেসির সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল; একবার তাকে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনুবাদ করে সাহায্য করেছিলাম। সে আমাকে সবসময় ভালোভাবে গ্রহণ করেছে,” যোগ করেন আল-নাসর তারকা।
